দেশে খেলতে চান মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহ-অধিনায়কের হাহাকার এবার অধিনায়কের কণ্ঠেও। পাকিস্তান খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না বলে কদিন আগেই আক্ষেপ করেছেন মোহাম্মদ হাফিজ। মিসবাহ-উল-হক আক্ষেপের সঙ্গে জানালেন এর কারণটাও। দেশের মাটিতে খেলতে পারছে না বলেই বেশি টেস্ট খেলা হচ্ছে না পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকা পৌঁছে তাই পাকিস্তান অধিনায়কের আহ্বান, আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো হোক পাকিস্তানে। তিন টেস্ট, দুই টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে কালই দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে পাকিস্তান। জোহানেসবার্গে সংবাদ সম্মেলনে শুনিয়েছেন আক্ষেপের কথা, ‘আমাদের হোম সিরিজ বলে কিছু নেই। আর দেশের মাটিতে খেলতে না পারলে অনেক ক্রিকেট থেকে বঞ্চিত হতে হবেই। এ কারণেই বছরে ৫-৬টি টেস্ট খেলতে পারছি আমরা, অন্যরা সেখানে খেলছে বছরে ১৫-১৬টি করে। এত কম খেলা আমাদের পারফরম্যান্সে সত্যিই বাজে প্রভাব ফেলছে।’বাংলাদেশ (২) ও জিম্বাবুয়ে (১) ছাড়া গত বছর ১০টির কম টেস্ট খেলেছে কেবল পাকিস্তানই (৬টি)। ধবলধোলাইয়ের লজ্জায় ডুবিয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ে তখনকার সেরা দল ইংল্যান্ডকে। কিন্তু গত জুলাইয়ের পর আর টেস্ট খেলার সুযোগ হয়নি। মিসবাহর দাবি, এত অনিয়মিত খেললে ধারাবাহিকতা ধরে রাখা মুশকিল, ‘কোনো একটি সংস্করণ নিয়মিত না খেললে দল হিসেবে পারফর্ম করা কঠিন হয়ে পড়ে। অনেক বেশি পরিশ্রম করতে হয়। তবে মানিয়ে নিতেই হয়। বলতে পারেন অনিয়মিত খেলা আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা। পেশাদার হিসেবে তার পরও আমাদের ভালো করার চেষ্টা চালিয়ে যেতে হয়।’২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। নিউজিল্যান্ড-ইংল্যান্ড ঘুরে পাকিস্তান হোম সিরিজ খেলছে এখন দুবাই-আবুধাবিতে। কিন্তু পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের আর বঞ্চিত হতে দেখতে চান না মিসবাহ, ‘পাকিস্তান এত বড় একটা ক্রিকেট জাতি, ক্রিকেট-বিশ্বের উচিত পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে সহায়তা করা। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রতি ম্যাচেই গ্যালারি ছিল উপচে পড়া। নিরাপত্তার কোনো সমস্য ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ এই ক্রিকেটপ্রেমীদের প্রাপ্য।’১ ফেব্রুয়ারি জোহানেসবার্গ টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। ওই টেস্টের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন রায়ান ম্যাকলারেন। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরেছেন ভারনন ফিল্যান্ডার। রয়টার্স।