দেশে প্রথম আন্তর্জাতিক ভলিবল
এই প্রথম বাংলাদেশে হতে যাচ্ছে ভলিবলের আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২৩-২৮ মে ঢাকার মিরপুর ইনডোরে বসছে এশিয়ান পুরুষ সিনিয়র প্রতিযোগিতা (সেন্ট্রাল জোন)।
এশিয়ার সেন্ট্রাল জোনের ১৪ দলের ‘এ’ গ্রেডে আছে ইরান, ভারত, পাকিস্তান ও কাজাখস্তান। ‘বি’ গ্রেডের ১০ দলের মধ্যে ঢাকায় আসছে আফগানিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, মালদ্বীপ, নেপাল। স্বাগতিক বাংলাদেশকে যোগ করে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল।
প্রতিযোগিতার বাজেট প্রায় কোটি টাকা, যার অর্ধেক জোগান দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক। লোগে উন্মোচন করা হলো কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে। ব্যানার-ফেস্টুনে আগেই অবশ্য লোগো ছাপিয়ে দিয়েছে আয়োজক ভলিবল ফেডারেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তাঁর সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ভলিবল ফেডারেশনের সভাপতি বিজিএমইএ-প্রধান আতিকুল ইসলাম প্রমুখ। তবে সবাইকে ছাপিয়ে হঠাৎ এক জাদুশিল্পী এসে মঞ্চ কাঁপিয়ে ‘জাদু দেখিয়ে’ উন্মোচন করলেন লোগো!
এর আগে ১৯৮৯ সালে ঢাকায় বিজয় দিবস ক্লাব টুর্নামেন্ট আয়োজন করেছিল ভলিবল ফেডারেশন। তাতে অংশ নিয়েছিল থাইল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, চীন, নেপালের ক্লাব দল। ঢাকায় জাতীয় দলের কোনো টুর্নামেন্ট এই প্রথম।