দেশে ফিরতেও ভয় পাকিস্তানি ক্রিকেটারদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারার ব্যর্থতাটা না হয় উপেক্ষাই করা যেত; কিন্তু শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারটা কীভাবে মেনে নেবে পাকিস্তানের সমর্থকেরা? গ্রুপ পর্বের তিনটি ম্যাচ হেরেই মিসবাহ বাহিনীর ওপর চড়াও হতে পারেন ক্ষুব্ধ-হতাশ ক্রিকেটপ্রেমীরা। এমন কিছু ঘটার আশঙ্কার কারণেই হয়তো এখনই দেশে ফিরতে চাইছেন না বেশ কজন খেলোয়াড়। পরিস্থিতি কিছুটা ঠান্ডা হওয়ার পরই তাঁরা পা রাখতে চান দেশের মাটিতে।

রীতিমতো বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শেষ করেছে পাকিস্তান। গ্রুপ পর্ব থেকে বিদায়টা নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথম দুই ম্যাচে হারের পরই। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শেষ ম্যাচটা ছিল ‘সম্মানে’র লড়াই। কিন্তু সেই ম্যাচেও যাচ্ছেতাই হারের মুখ দেখে এখন খালি হাতেই দেশে ফিরছে মিসবাহর দল। এই পরিস্থিতিতে দেশে ফিরে ক্ষুব্ধ সমর্থকদের তোপের মুখে পড়তে চাইছেন না পাকিস্তানের বেশ কজন ক্রিকেটার। এখন পর্যন্ত শুধু আবদুল রেহমান, কামরান আকমল, ওয়াহাব রিয়াজ, আসাদ শফিক ও মোহাম্মদ ইরফানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাকি ক্রিকেটারদের অনেকেই হয়তো ‘সাময়িক স্বেচ্ছানির্বাসনে’ থাকবেন আরও কিছুদিন। এমনকি কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার ইংল্যান্ডেই লম্বা সময় থেকে যাওয়ার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছে পিসিবির একটি সূত্র।

এ সময় তাঁরা হয়তো খেলবেন ইংল্যান্ডের ঘরোয়া লিগে। কোচ ডেভ হোয়াটমোরও পাকিস্তানে ফেরার আগে যাত্রাবিরতি করবেন দুবাইয়ে। তাঁর কোচিং দলের অন্য সদস্যরাও ফিরবেন আরও কয়েক দিন পর।

তবে দেশে না ফিরে ক্ষুব্ধ সমর্থকদের রোষ এড়াতে পারলেও দল থেকে বাদ পড়তে পারেন কয়েকজন ক্রিকেটার। আগামী ৭ জুলাই শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে কামরান আকমল, ইমরান ফারহাত, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ দলে জায়গা পাবেন না বলেই পিটিআইকে জানিয়েছে পিসিবির একটি সূত্র। এমনকি পাকিস্তানের কোচ হিসেবে হোয়াটমোরের ভবিষ্যত্ নাকি অনিশ্চয়তার মুখে। ২০১২ সালের মার্চে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোনো সাফল্যের দেখা পাননি হোয়াটমোর