দেশে ফিরল ইতালি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর কি অনেক সময়? ইতালি দলের হয়তো তাই মনে হচ্ছে। ২০০৬ সালের জুলাই মাসে বিশ্বজয়ী ইতালি দল রোম বিমানবন্দরে পেয়েছিল রাজসিক সংবর্ধনা। অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো বিমান থেকে বেরিয়েই বিশ্বকাপ ট্রফিটি উচ্চে তুলে ঘোষণা করেছিলেন আজ্জুরিদের বিজয়গাঁথা। অথচ চার বছর পরই সেই একই বিমানবন্দর দিয়ে তাদের ফিরতে হল নীরবে, অনেকটা দেশবাসীর দৃষ্টি এড়িয়ে, নিরাপত্তাহীনতার শঙ্কায়, পুলিশী প্রহরায়!বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার এক দিন পরই আজ শনিবার দেশে ফিরে গেছে ইতালির ফুটবল দল। দেশে ফিরেই বিমানবন্দরে উপস্থিত শখানেক বিক্ষুব্ধ সমর্থকের দুয়োধ্বনি শুনতে হয়েছে তাদের। দ্য মিররের অনলাইন সংস্করণে প্রকাশিত এক সংবাদে জানা গেছে, বিশ্বকাপে ইতালির ন্যক্কারজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকেরা প্লাকার্ড-ফেস্টুন নিয়ে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে হাজির হয়ে দলের খেলোয়াড়দের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করে। ‘তোমাদের জঘন্য পারফরম্যান্সে পুরো জাতিই লজ্জিত। সেই লজ্জা তোমাদেরও স্পর্শ করুক।’ এই ছিল সমর্থকদের ধিক্কারের ভাষা।দেশে ফিরে সমর্থকদের এমন ‘সংবর্ধনা’ পাবেন, তা জানা ছিলই ইতালীয় খেলোয়াড়দের। সমর্থকদের দুয়োধ্বনির পর সাংবাদিকদের ইতালীয় ফরোয়ার্ড ফাবিও কুয়াগলিয়ারেল্লা বলেছেন, ‘সমর্থকদের ক্ষোভ বোধগম্য। তাদের দুঃখিত বলা ছাড়া আমাদের এই মুহূর্তে আর কিছুই করার নেই। এই ফলাফলের পর আর কিছুই বলার থাকতে পারে না।সমর্থকদের ক্ষোভের হাত থেকে রক্ষা পাননি কোচ মার্সেলো লিপ্পি থেকে শুরু করে ফ্যাবিও ক্যানাভারো, আলবার্তো জিলার্দিনো কেউই।এদিকে ইতালীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী সপ্তাহে কোচ মার্সেলো লিপ্পির কাছ থেকে ইতালি জাতীয় দলের দায়িত্ব নেবেন ফিওরেন্টিনা কোচ প্রানদেল্লি। ফেডারেশন আরও জানিয়েছে, ‘প্রানদেল্লিকে ইতালি দলের কোচ করা হয়েছে তরুণ খেলোয়াড়দের নিয়ে তাঁর কাজ করার অভিজ্ঞতার বিচারে।’ প্রানদেল্লি ইতালি দলকে নতুন করে গড়ে তোলার জন্য পর্যাপ্ত সময়ই পাচ্ছেন বলে নিশ্চিত করেছেন ইতালির ফুটবল কর্তৃপক্ষ।