দেশে ফিরলেন আমির
জেল থেকে ছাড়া পেয়েছেন ১ ফেব্রুয়ারি। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আপিল করা নিয়ে আইনজীবীর সঙ্গে আলোচনার জন্য থেকে গিয়েছিলেন ইংল্যান্ডেই। অবশেষে দেশে ফিরেছেন মোহাম্মদ আমির। রোববার ভোর পৌনে পাঁচটায় লাহোর বিমানবন্দরে আমিরকে নিতে এসেছিলেন তাঁর বাবা ও ভাই। নিষিদ্ধ হওয়া বাঁহাতি পেসারের সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী।জেল থেকে ছাড়া পাওয়ার পর ছোট্ট একটা লিখিত বিবৃতি ছাড়া আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমিরের। যথারীতি তাঁর হয়ে কথা বলেছেন আইনজীবী আসিফ বাজওয়া, ‘সে একটা ভুল করেছে এবং সেটা স্বীকারও করেছে। মানসিক দিক দিয়ে ও খুব শক্তিশালী এবং জানে কীভাবে ক্রিকেট ও জীবনের চাপের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমি বিশ্বাস করি, ও আবার ক্রিকেটে ফিরবে। এখন প্রয়োজন আবার ওর ভাবমূর্তি গড়ে তোলা। লন্ডনে আমরা একজন আইনজীবী ঠিক করেছি এবং আমরা আলোচনা করে ঠিক করব কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আপিল করব নাকি করব না।’আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২০১৫ সালের সেপ্টেম্বরে। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ জানিয়েছেন, মেয়াদ শেষ হলেই পাকিস্তান ক্রিকেটে স্বাগত জানানো হবে আমিরকে। নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকে আমিরের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি পিসিবি। তবে পিসিবির প্রশিক্ষণ ও শিক্ষাবিষয়ক পরিচালক ওয়াসিম বারি জানিয়েছেন, সব রকম সহায়তা দেওয়া হবে আমিরকে, ‘অবশ্যই ওর সঙ্গে বসে ওর কথাগুলোও শুনতে হবে। পিসিবির কাছ থেকে আমি কোনো দিকনির্দেশনা এখনো পাইনি। আমিরের ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেটাও জানি না। তবে কোনো ধরনের পুনর্বাসন-প্রক্রিয়ার প্রয়োজন হলে আমরা অবশ্যই পাশে দাঁড়াব।’পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদের আবার আরেকটা পরিকল্পনাও আছে আমিরকে নিয়ে, ‘আমরা ওর সঙ্গে কথা বলে পাকিস্তান ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের শিকড়ে যাওয়ার চেষ্টা করব। বের করার চেষ্টা করব, এমন দুর্নীতিতে কীভাবে জড়াল। প্রথম দিকে আমাদের কাছে ও সত্যি কথা বলেনি, ওকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন তাই আছে। পুনর্বাসন নিয়েও ওর সঙ্গে কথা বলতে চাই।’ ওয়েবসাইট।