দেশে ফিরে যাচ্ছেন বেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট। খুলনা টেস্টের এক ইনিংসেই ছয় উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে সবচেয়ে ভুগিয়েছেন টিনো বেস্টই। তবে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে থাকছেন না এই ফাস্ট বোলার। বেস্ট থাকবেন না সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও।এত দ্রুত বেস্টের বাংলাদেশ সফর শেষ হয়ে যাওয়ার কারণ হ্যামস্ট্রিং ইনজুরি। ওয়েস্ট ইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার আদ্রিয়েল রিচার্ড আজ রোববার সাংবাদিকদের জানিয়েছেন, আগামীকাল দেশে ফিরে যাবেন টিনো বেস্ট। কালই তাঁর বদলি হিসেবে খেলতে বাংলাদেশে আসবেন ফাস্ট-মিডিয়াম বোলার জেসন হোল্ডার।খুলনা টেস্টের প্রথম দিনেই হ্যামস্ট্রিংয়ে চোট পান টিনো বেস্ট। এ কারণে বাংলাদেশের প্রথম ইনিংসে মাত্র ১০ ওভার বল করতে পেরেছিলেন। কোনো উইকেটের দেখা তিনি পাননি। তবে দ্বিতীয় ইনিংসে চোট নিয়েই বল করেন বেস্ট। শুধু বল করেছেন বললে অবশ্য ভুল হবে। বলা উচিত, অর্ধেক ফিটনেস নিয়েও বাংলাদেশকে ‘খুন’ করেছেন তিনি। ১২.১ ওভার বল করে ৪০ রানের বিনিময়ে বেস্ট তুলে নেন ছয়টি উইকেট। আজ টেস্টের শেষ দিনে বাংলাদেশের পতন ঘটা চার উইকেটের তিনটিই তাঁর।