দেশে ফিরেছেন বাট
কারাদণ্ড হয়েছিল ৩০ মাসের। ভালো আচরণ করায় মাত্র সাত মাস সাজা খেটেই যুক্তরাজ্যের কারাগার থেকে গত বুধবার রাতে মুক্তি পান সালমান বাট। মুক্তি পাওয়ার এক দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। ২০১০ সালে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে গত নভেম্বরে সালমান বাটকে আড়াই বছর, মোহাম্মদ আসিফকে এক বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। রায় ঘোষণার পর বাট ও আসিফকে কারাগারে এবং ১৯ বছর বয়সী আমিরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। কারাগারে আচরণ ভালো করলে বিদেশি নাগরিকদের আগেই ছেড়ে দেওয়ার আইন আছে ইংল্যান্ডে। ওই আইনেই অর্ধেক সাজা খেটে এর আগে মুক্তি পান আমির ও আসিফ। দুই বছর আট মাস সাজা পাওয়া জুয়াড়ি মাজহার মজিদ এখনো কারাগারে। ক্রিকইনফোর খবরে বলা হয়, গতকাল রাতে লাহোর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাট। এ সময় তিনি দাবি করেন, কোনো স্পট ফিক্সিংয়ের সঙ্গে তিনি জড়িত নন। ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আইসিসিকে না জানানোটাই একমাত্র ভুল ছিল তাঁর।সবুজ রঙের পোলো শার্ট ও জিনস পরিহিত বাট বলেন, ‘স্পট ফিক্সিংয়ের সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই। কোনো প্রস্তাবে কখনোই সম্মতি দিইনি। কাউকে নো করতে বলিনি। এর সঙ্গে আমি জড়িত নই।’সালমান বাট বলেন, ‘প্রস্তাব পেয়েও তা না জানানোয় আইসিসির কাছে ক্ষমা চেয়েছি আমি। বলিনি, কারণ ওই জুয়াড়িকে আমি চিনতাম। পাকিস্তানি জনগণ ও সব ক্রিকেটার, যাঁরা আমাকে সমর্থন দিয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। তবে তা শুধু প্রস্তাব পেয়ে আইসিসিকে অবহিত না করার জন্য।’দেশে ফিরে বাট বলেন, ‘আমি আনন্দিত ও মুক্ত। পাকিস্তানের মতো কোনো জায়গা হয় না। আগামী দুই-তিন দিন পরিবারের সঙ্গে সময় কাটতে চাই আমি। এর পরই সংবাদ সম্মেলন করে স্পট ফিক্সিংয়ে আমার নাম কীভাবে এল এসবের সব প্রশ্নের জবাব দেব।’বাটকে কারাদণ্ড দেওয়া হয় গত ৩ নভেম্বর। ওই দিনই দ্বিতীয় ছেলের জন্ম দেন তাঁর স্ত্রী। এখনো ওই সন্তানের মুখ দেখতে পারেননি বাট। পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেন, ‘কঠিন সময়ে যাঁরা আমাকে সহায়তা দিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি মনে করি, সেই কঠিন সময়টা পার হয়েছে। আমার দ্বিতীয় ছেলেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। ওর জন্মের পর এখনো ওকে দেখি আমি।’কারাগার থেকে মুক্তি পেলেও বাটের ক্রিকেটে ফেরার সুযোগ অবশ্য নেই। স্পট ফিক্সিংয়ের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর ওপর ১০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল। এ ছাড়া আসিফকে সাত ও আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।