দেশে ফেরত পাঠানো হলো সন্দেহজনক ভারতীয় দর্শককে
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে ‘ফিক্সার’ সন্দেহে এক ভারতীয়কে আটক করেছিল বিসিবির দুর্নীতি দমন ইউনিট। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হলেও তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। কাল ভারতীয় দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে গেছেন সন্দেহভাজন ওই ‘দর্শক’।
বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম ওয়ানডে চলাকালে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে এসএমএস চালাচালি করছিলেন এক ব্যক্তি। মুঠোফোনে তাঁর কথাবার্তাও সন্দেহজনক মনে হচ্ছিল। আর এই সন্দেহ থেকেই দুর্নীতি দমন ইউনিটের চ্যালেঞ্জ। কিন্তু সন্তোষজনক কোনো উত্তর তো দিতে পারেনইনি, ভাঙা ভাঙা হিন্দি ও ইংরেজিতে কথা বলা ওই ব্যক্তি নিজের নাম-পরিচয়ও বলতে রাজি হননি দুর্নীতি দমন ইউনিটের সদস্যদের। বিসিবির নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘একপর্যায়ে নিজের নাম সুব্রামনিয়াম বলে জানালেও আমরা তাঁর প্রকৃত নাম, পরিচয় কিছুই নিশ্চিত নই। তিনি কোনো কিছু বলতে অস্বীকৃতি জানালে আমরা তাঁকে পুলিশে সোপর্দ করি।’
পুলিশের মিরপুর বিভাগীয় উপকমিশনার মাসুদ আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে কাল রাতে প্রথম আলোকে বলেন, ‘বিসিবি সন্দেহভাজন এক ভারতীয় দর্শককে পুলিশের কাছে সোপর্দ করেছিল। পরে আজ (গতকাল) তাঁকে ভারতীয় দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়। দূতাবাস তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে।’