দেশে শেষ করবেন মেসি
আর্জেন্টিনোস জুনিয়র্সে শুরু হলেও তাঁর প্রাণের ক্লাব ছিল বোকা। বিশ্বজয় শেষে ডিয়েগো ম্যারাডোনা বোকা জুনিয়র্সের হয়ে খেলেই শেষ করেছেন ক্যারিয়ার। লিওনেল মেসিও তা-ই করতে চান। ক্যারিয়ার শেষ করতে চান আঁতুড়ঘর নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে। এই ক্লাবের যুবদলের হয়ে খেললেও আর্জেন্টাইন লিগে খেলা হয়নি। তার আগেই মেসিকে ছিনিয়ে নিয়ে গেছে বার্সেলোনা।ইউরোপে যত দিন খেলবেন, সেটি বার্সেলোনাতেই। তবে এরপর অবসর নেওয়ার আগে মেসি ফিরতে চান নিজের দেশে, ‘ইউরোপে আমি বার্সেলোনার হয়েই খেলব। কারণ এখানে খেলেই আমি স্বস্তি পাই। এখানে আমাকে সবাই ভালোও বাসে। তবে আমি অবসর নিতে চাই আমার নিজের দেশে। আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি, আর্জেন্টিনার লিগে আমি খেলব। এটা একটা স্বপ্ন, আর সেই স্বপ্ন আমি অবশ্যই পূরণ করব।’মেসির আরেকটি স্বপ্ন পূরণ হয়েছে মাত্রই। ব্রাজিল ও বার্সার সাবেক তারকা রোনালদোই এবার ফিফা-ব্যালন ডি’অরের খাম খুলেছেন। রোনালদোর মুখেই উচ্চারিত হয়েছে বর্ষসেরা হিসেবে মেসির নাম। ‘তাঁর দেখা পেয়ে আমি উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলাম। মঞ্চের পর্দায় যখন তাঁর গোলগুলো দেখানো হচ্ছিল, আমি স্রেফ অবশ হয়ে গিয়েছিলাম। বিস্ময়কর একজন ফরোয়ার্ড ছিলেন। মানুষ হিসেবেও অসাধারণ, সব সময় মুখে হাসি লেগেই আছে’—রোনালদো সম্পর্কে বলেছেন মেসি। ওয়েবসাইট।