দেশেই প্রস্তুতি নেবেন জিমিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা হয়নি বলে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে না জাতীয় হকি দল। বিকল্প হিসেবে কেনিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলানোর চিন্তাভাবনা করেছিল হকি ফেডারেশন। কিন্তু কালকের কার্যনির্বাহী সভায় সেই সিদ্ধান্তও বাতিল করা হয়েছে। আগামী মার্চে বিশ্ব হকি লিগ শুরুর আগে তাই দেশেই অনুশীলন করবেন জিমিরা।
কাল সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক জানিয়েছেন, ‘আপাতত হকি দলের সব সফরই বাতিল করা হয়েছে। খেলোয়াড়দের ভিসা আনতে কলম্বোয় যাওয়া কোচকেও দেশে ফিরে আসতে বলা হয়েছে। এ মুহূর্তে কোচের দেশে দলের সঙ্গেই থাকা দরকার।’
দেশের বাইরে গিয়ে এত অল্প সময়ের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে তেমন লাভ হবে না জিমিদের। তবে ফেডারেশন চেষ্টা করছে মালয়েশিয়া বা চীনকে ঢাকায় এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর। এরই মধ্যে দুটি দেশের ফেডারেশনকে চিঠিও পাঠিয়েছে বাংলাদেশ। এখন শুধু সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।