দেশের ডাকে আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেস বোলিংয়ের জীবন্ত এক অভিধান তিনি। পাকিস্তানের বহু সাফল্যের রূপকার সেই ওয়াসিম আকরামের দ্বারস্থ হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধরা চ্যাম্পিয়নস ট্রফি জিততে মরিয়া পাকিস্তান দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন আকরাম। নিয়মিত বোলিং কোচ মোহাম্মদ আকরামের সঙ্গে যোগ দিয়ে ১০ দিনের সেই ক্যাম্পে কাজ করবেন আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬টি উইকেটের মালিক। আকরাম জানালেন, পেস বোলিংয়ে পাকিস্তানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। হারানো সুইং-জাদুটিকে ফিরিয়ে দিতে হবে জুনাইদ-গুলদের হাতে।‘দক্ষিণ আফ্রিকায় আমাদের ফাস্ট বোলাররা যেভাবে খেলেছে তাতে আমি হতাশ। আমি তাই বোলারদের শেখাতে চেষ্টা করব যে কীভাবে সুইং করাতে হয়, যেটি আন্তর্জাতিক ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ’—এক সংবাদ সম্মেলনে বলেছেন ‘সুলতান অব সুইং’ আকরাম।২০ থেকে ২৯ এপ্রিল করাচিতে হতে যাওয়া এই ক্যাম্পে বর্তমান এবং উঠতি ১৫ জন বোলারকে নিয়ে কাজ করবেন আকরাম। জুনে আট জাতির চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে পিসিবি এই উদ্যোগ নিয়েছে। পারিবারিক কারণে আইপিএলের দল কেকেআরে এবার আর কাজ করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক। এই অবসরে দেশের হয়ে কাজ করতে চান। পাকিস্তানের ক্রিকেটে সহজাত প্রতিভাধর পেসারের অভাব কখনোই হয়নি। বরাবরই পেস বোলিং তাদের অন্যতম শক্তি। কিন্তু এবার দক্ষিণ আফ্রাির বিপক্ষে টেস্ট সিরিজে পেস আক্রমণের দৈন্য পরিষ্কার হয়ে গেছে। দুই টেস্টে মাত্র ৫ উইকেট নিয়েছেন উমর গুল, দৈত্যাকৃতির মোহাম্মদ ইরফান নিয়েছেন ২ উইকেট, সবচেয়ে ভালো অবস্থা যাঁর সেই রাহাত আলীও অভিষেকে উইকেটশূন্য থাকার পর নিয়েছেন ৬ উইকেট। ৪৬ বছর বয়সী আকরামের কাছে ফাস্ট বোলার হওয়ার মূল সূত্রটা হলো, ‘কেউ যদি সত্যিকারের ভালো ফাস্ট বোলার হতে চায় তাকে অবশ্যই তপ্ত সূর্য আর গরমকে জয় করতে হবে। সেটা করতে পারলেই সে ভালো বোলার হয়ে উঠবে। এই শেখার প্রক্রিয়াটা ধারাবাহিক।’ জানালেন, প্রতিভাই শেষ কথা নয়; কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ই সাফল্যের মূলমন্ত্র। বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় বোলার ইরফানের ব্যাপারে তাঁর মত, ফিটনেস ধরে রাখাটাই হবে তাঁর জন্য বড় পরীক্ষা, ‘ফিট থাকতে পারলে তার পক্ষে তিন-চার বছর খেলে যাওয়া সম্ভব।’আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়ার জন্য আরও একবার অনুরোধ জানিয়েছেন, ‘রাজনীতিকে খেলা থেকে দূরেই রাখা উচিত। পাকিস্তানি বোলাররা যেহেতু ভারতীয়দের চেয়ে ভালো, এদের আইপিএলে নিয়ে আইপিএলই উপকৃত হবে।’চ্যাম্পিয়নস ট্রফিতে পিসিবি আরও কিছু সাবেক অভিজ্ঞ ক্রিকেটারকে যুক্ত করার পরিকল্পনা করছে। সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মঈন খানকে ওই টুর্নামেন্টে দেওয়া হতে পারে ম্যানেজারের দায়িত্ব। এএফপি, ওয়েবসাইট।