দেশের দাবিটা বুঝছেন রকিবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কিছুদিন ধরেই অন্য রকম এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে রকিবুল হাসানের মন। নিজের বা দলের যেকোনো অর্জনেই খুব গর্ব হয় তাঁর। কিন্তু বিশ্বকাপ বলে কথা! বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার অনুভূতি ছাড়িয়ে গেছে আর সবকিছুকেই।বিশ্বকাপটা যে অন্য রকম কিছু, সেটা আরও ভালোভাবে টের পেয়েছেন কদিন আগে। বড় ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল ফোনে। কথা ক্রিকেট নিয়েই। কথা বলতে বলতেই হঠাৎ অন্য রকম হয়ে গেল পরিবেশ, ‘হঠাৎ ভাইয়া খুব ইমোশনাল হয়ে পড়লেন, একপর্যায়ে কেঁদেই ফেললেন। বললেন, আমি বিশ্বকাপ খেলতে যাচ্ছি, তাঁর সব কষ্ট, ত্যাগ আজ সার্থক।’এই ভাইয়ের হাত ধরেই তাঁর ক্রিকেটে আসা। ছোট্ট শহর জামালপুরের সহজ-সরল ছেলে, বাড়ির সবার আদরের ‘নয়ন’ থেকে আজকের রকিবুল হয়ে ওঠায় সবচেয়ে বড় অবদান এই ভাইয়ের। সেই ভাই-ই যখন এমন কথা বলছেন, রকিবুলের বুঝতে অসুবিধা হয় না বিশ্বকাপ মানে কী!ভাই শফিকুল ইসলাম নিজেও ক্রিকেটার ছিলেন, উইকেটকিপার ও উদ্বোধনী ব্যাটসম্যান। সোনালী ব্যাংক-অগ্রণী ব্যাংকের হয়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। কিন্তু বেশি এগোতে পারেননি। তাই নিজের অপূর্ণতা ঘোচাতে চেয়েছেন ছোট ভাইয়ের মাধ্যমে। সেই ছোট্টবেলা থেকেই ভাইয়ের ব্যাট-প্যাড নিয়ে নাড়াচাড়া রকিবুলের। টিভিতে খেলা হলে বসে যেতেন ভাইয়ের পাশে। ছোট ভাইকে নিয়মিত মাঠে নিয়ে যেতেন শফিকুল। নিজের হাতে দিয়েছেন ক্রিকেটের প্রথম পাঠ। রকিবুলের প্রতিভা যখন প্রস্ফুটিত হতে থাকল, সব ফেলে শফিকুল উঠেপড়ে লাগলেন ভাইকে ঘষেমেজে তৈরি করতে।এমন ভাই যাঁর আছে, তিনি কি আর পিছিয়ে থাকতে পারেন? খুব দ্রুতই জেলা দল হয়ে বিভাগীয় অনূর্ধ্ব-১৬ দলে জায়গা হলো রকিবুলের। বিভাগীয় দলের হয়ে প্রথম ম্যাচেই ১৪৩! সুযোগ পেলেন কলকাতাগামী অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ দলে। এবারও প্রথম ম্যাচে সেঞ্চুরি, সেটাও আবার ইডেন গার্ডেনে! রকিবুলের ভবিষ্যৎ পথচলায় বড় ভূমিকা আছে এই ম্যাচের। ওই ম্যাচ খেলার পর মনে হলো, এমন মাঠে নিয়মিতই খেলতে হবে। সে পথে একমাত্র উপায় জাতীয় দলে খেলা। ক্রিকেটে আরও মনোযোগী হলেন। এরপর ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে সফর, শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি...জাতীয় দল!এখন খেলতে যাচ্ছেন প্রথম বিশ্বকাপ। ২০০৯ সালে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ অবশ্য খেলেছিলেন, কিন্তু বিশ্বকাপ মানেই তো ৫০ ওভারের বিশ্বকাপ। প্রতিটি দিন কাটছে তাঁর বিশ্বকাপ রোমাঞ্চে, ‘একেকটি দিন আসছে আর আরও বেশি এক্সাইটেড হচ্ছি। দেশের মাটিতে বিশ্বকাপ খেলব, ভীষণ গর্ব হচ্ছে। ব্যাখ্যা করার ভাষা নেই।’বিশ্বকাপ নিয়ে এমন রোমাঞ্চিত, অথচ খুব বেশি দিন হয়নি ক্রিকেট থেকেই মন উঠে গিয়েছিল তাঁর। গত মার্চে ইংল্যান্ড সিরিজের মাঝপথে সবাইকে অবাক করে দিয়ে অবসর নিয়ে ফেললেন। পরে তিন মাসের নিষেধাজ্ঞাও পেয়েছিলেন। এই ব্যাপারটা নিয়ে কখনোই খুব একটা কথা বলতে চান না। তবে বদ্ধ দুয়ার কিছুটা খুলে দিলেন কাল, ‘বিস্তারিত বলতে চাই না। তবে নানা কারণে আমি উৎসাহ হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল, দূর...খেলে কী লাভ! পরে সাকিব, তামিম, মুশফিকসহ দলের অন্যরা এবং জেমি (সিডন্স) ডেকে নিয়ে অনেক বোঝাল। বাড়ির সবার মনও খারাপ হয়ে গিয়েছিল। বুঝতে পারলাম, সৃষ্টিকর্তা আমাকে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য দিয়েছেন, এটা নষ্ট করা উচিত নয়। বুঝতে পারলাম, আমার প্রতি দেশেরও দাবি আছে। দেশের কথা মনে হতেই নিজেকে আর ধরে রাখতে পারলাম না।’দেশপ্রেম তাঁকে ফিরিয়ে এনেছে ক্রিকেটে। এবার বিশ্বকাপে দেশের হয়ে ঢেলে দিতে চান নিজের সেরাটা। তাই দোয়া চাইছেন সবার কাছে, ‘গত দুই বছরে দল যেভাবে এগিয়েছে, আমার কী যে ভালো লাগে! দেশের মাটিতে খেলা বলে চাপ থাকবে, তবে এটাই আবার আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। দেশবাসীর দোয়া যদি সঙ্গে থাকে, বিশ্বকাপেও আমরা দারুণ কিছু করব।’রকিবুল নিশ্চিত থাকতে পারেন, তাঁদের জন্য প্রার্থনা করার লোকের অভাব নেই।