দেশের ফুটবলে ‘ডাচ পরিবার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ইতিহাসই গড়তে যাচ্ছে বাফুফে। এই প্রথম জাতীয় দলের জন্য আনা হচ্ছে একজন বিদেশি গোলরক্ষক কোচ।বাংলাদেশের গোলরক্ষকদের দুর্বলতা দেখে একজন বিদেশি গোলরক্ষকের চাহিদাপত্র দিয়েছিলেন লোডভিক ডি ক্রুইফ। সেই অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যেই গোলরক্ষক কোচ চূড়ান্ত হয়ে গেছে। দু-তিন দিনের মধ্যে ওই কোচ ঢাকায় আসছেন।এই গোলরক্ষক কোচ জ্যাক ম্যাঙ্গালি একজন ডাচ। আয়াক্স আমস্টারডামের একাডেমিতে কাজ করা এই কোচকে নিয়ে জাতীয় দলের কোচিং স্টাফে এখন চারজন ডাচ। ডি ক্রুইফের সহকারী হিসেবে কাজ করছেন রেনে কোস্টার। তাঁদের সঙ্গে পরে যোগ দেন ডাচ ফিটনেস ট্রেনার ইয়ামালি। এখন ডাচ গোলরক্ষক কোচ যোগ দেওয়া মানে বাংলাদেশ দলটা যেন এক ‘ডাচ পরিবারের’ হাতে।অতীতে কখনো জাতীয় দলের জন্য এতটা কাজ করা হয়নি। বাংলাদেশ জাতীয় দলকে একসময় কোনো রকমে প্রস্তুত করে টুর্নামেন্টে পাঠানো হতো। সাফ ফুটবলের মতো ‘বাংলাদেশের বিশ্বকাপ’ও তা থেকে কখনো কখনো বেরোতে পারেনি। তবে এবার সাফের শিরোপাকে পাখির চোখ করে দলকে সব ধরনের সহায়তা দিচ্ছে বাফুফে।১ সেপ্টেম্বর শুরু সাফ ফুটবল (একদিন এগোতে পারে টুর্নামেন্ট), বাংলাদেশ দলকে ২৪ আগস্ট কাঠমান্ডু পাঠানো হচ্ছে। আবহাওয়া ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতেই এই উদ্যোগ। জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ কাল বলছিলেন, ‘কোচ যা চাইছেন, সবই আমরা পূরণ করছি। ডাচ গোলরক্ষক কোচ ঈদের দু-এক দিন পরই আসছেন। আমরা এবার কোনো ঘাটতি রাখতে চাই না, কোচকে কোনো অজুহাত খাড়া করার সুযোগ দেব না।’আপাতত ডাচ গোলরক্ষক কোচের সঙ্গে বাফুফের চুক্তি হবে দুই মাসের। তাঁকে মনে ধরলে লম্বা সময়ের জন্য রাখা হবে। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, তখন শুধু জাতীয় দল নয়, ক্লাবে গিয়ে গোলরক্ষকদের নিয়ে কাজ করবেন কোচ।১৬ আগস্ট পাকিস্তানের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, টুর্নামেন্টের আগে আর কোনো বিদেশি দলের সঙ্গে অনুশীলন ম্যাচ নেই। কোচ আরও ম্যাচ চাইলে সেই উদ্যোগ নেওয়া হতো বলে জানিয়েছেন কাজী নাবিল। ১৩ আগস্ট পাকিস্তান দলের প্রথম প্রীতি ম্যাচ খেলার কথা বাফুফে একাদশের সঙ্গে, ওইদিন হরতাল হওয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দুই দল সাফে একই গ্রুপে পড়ায় বাংলাদেশ দল এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে একটির বেশি ম্যাচ খেলতে রাজি নয়। থাইল্যান্ডে একটি ক্লাব ও থাই অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে দুটি অনুশীলন ম্যাচের পর পাকিস্তানের সঙ্গে একটি। ডি ক্রুইফ এতেই খুশি বলে দাবি করেছেন জাতীয় দল কমিটির প্রধান।পরিবারকে ঢাকায় আনতে ডি ক্রুইফ এখন হল্যান্ডে। ১১-১২ আগস্ট তিনি ফিরলে রেনে কোস্টার যাবেন তাঁর পরিবারকে আনতে। অর্থাৎ, দুজনকে একসঙ্গে ছাড়া হয়নি। ডি ক্রুইফের দেওয়া ছক অনুযায়ীই এখন অনুশীলন চালিয়ে যাচ্ছেন রেনে কোস্টার।ঈদে খেলোয়াড়দের সেভাবে ছাড়া হচ্ছে না। আজ সকালে অনুশীলনের পর ছুটি, ঈদের পরদিনই ফিরতে হবে অনুশীলনে। দলে টিকে যাওয়া ডেনমার্কপ্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়া কদিনের জন্য ছুটি নিয়ে ডেনমার্কে যাচ্ছেন আজ। গত রাতে জার্মানির বিমান ধরার কথা ছিল আরেক প্রবাসী রিয়াসাত খাতনের। ফিটনেসে ঘাটতি থাকায় কোচ তাঁকে কিছু করণীয় দিয়েছেন, সেগুলো ঠিকঠাক করার পরই এই তরুণের ফেরার কথা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ধরেই নেওয়া যাচ্ছে, সাফের ২০ জনের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাচ্ছেন না রিয়াসাত।‘ডাচ পরিবার’ তা নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নয়।