দেশের মাটিতে একটিও ওয়ানডে না খেলার বছর!

২০১৫ সালে কী এক অবিশ্বাস্য বছর কাটিয়েছিল বাংলাদেশ। সেই তুলনায় ২০১৬ সালে ওয়ানডেতে সাফল্য ছিল কম। ২০১৭ ছিল বাংলাদেশের জন্য চরম পরীক্ষার বছর। তাতে বাংলাদেশ ঠিক কত নম্বর পেল? এ বছর বাংলাদেশ ১৪টি ওয়ানডে খেলেছে। তিনটি ম্যাচের ফল হয়নি। বাকি ১১ ম্যাচের ৭টিতে হেরেছে মাশরাফির দল, জিতেছে ৪টি।
ম্যাচ | জয় | হার | টাই | পরিত্যক্ত | সর্বোচ্চ | সর্বনিন্ম |
১৪ | ৪ | ৭ | ০ | ৩ | ৩২৪ | ১৬৯ |
এ বছর দেশের মাটিতে একটিও ওয়ানডে খেলেনি বাংলাদেশ। সব ম্যাচ ছিল বিদেশে। দেশে টানা সিরিজ জেতা বাংলাদেশের জন্য বিদেশের মাটিতে নিজেদের প্রমাণের পরীক্ষা ছিল। তাতে বছরে নিজেদের প্রথম ওয়ানডেতে ডাম্বুলায় শ্রীলঙ্কাকে হারিয়েও দিয়েছিল বাংলাদেশ। একটি জয় আইরিশদের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুটি জয়। চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে ডাবলিনে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারায়। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতেও নিউজিল্যান্ডকে হারিয়ে চলে যায় সেমিফাইনালে।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল পর্যন্ত যাওয়া বাংলাদেশের জন্য বড় সাফল্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেখানে বৃষ্টির আনুকূল্য পেয়েছিল দল। সব মিলিয়ে বছরটা সত্যিই ভালো যায়নি বাংলাদেশ দলের। বছরটাও শেষ করেছে দক্ষিণ আফ্রিকায় তিন ওয়ানডের প্রতিটায় বড় ব্যবধানে হেরে।

ব্যক্তিগতভাবে এ বছর ওয়ানডেতে উজ্জ্বল ছিলেন তামিম ইকবাল। মার্চে বছরে নিজেদের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি দিয়ে শুরু। বাঁহাতি ওপেনার সবচেয়ে দ্যুতি ছড়িয়েছেন জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে। ১২ ওয়ানডেতে ৬৪.৬০ গড়ে ২ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৬৪৬ রান করে এ বছর তামিমই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে। ১৪ ম্যাচে ৪৫.৮০ গড়ে ৪৫৮ রান করে দুইয়ে আছেন মুশফিক। সমান ম্যাচে ৩৫.৮৩ গড়ে ৪৩০ রান করে তিনে আছেন সাকিব আল হাসান।
| ম্যাচ | ইনিংস | রান | গড় | ১০০ | ৫০ |
তামিম | ১২ | ১১ | ৬৪৬ | ৬৪.৬০ | ২ | ৪ |
মুশফিক | ১৪ | ১৩ | ৪৫৮ | ৪৫.৮০ | ১ | ৪ |
সাকিব | ১৪ | ১২ | ৪৩০ | ৩৫.৮৩ | ১ | ৩ |
মাহমুদউল্লাহ | ১৪ | ১২ | ৩৬০ | ৫১.৪২ | ১ | ১ |
সাব্বির | ১৪ | ১৩ | ২৮৯ | ২২.২৩ | ০ | ২ |
সৌম্য | ১২ | ১১ | ২৪৩ | ২৪.৩০ | ০ | ২ |
ইমরুল | ৫ | ৫ | ১২৫ | ২৫.০০ | ০ | ১ |
মোসাদ্দেক | ১০ | ৭ | ১০৮ | ২৭.০০ | ০ | ০ |
মিরাজ | ৭ | ৪ | ৮৬ | ২১.৫০ | ০ | ১ |
মাশরাফি | ১৩ | ৬ | ৬৪ | ১২.৮০ | ০ | ০ |

বোলিংয়ে নিজেকে হারিয়ে খুঁজলেও এ বছর মোস্তাফিজই ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। মাশরাফি নিজেকে বোলিংয়ে এখনো অপরিহার্য প্রমাণ করে চলেছেন অধিনায়কত্বের বাইরে। ১৩ উইকেট আছে তাঁর ১৩ ম্যাচে। দেশের বাইরে, বিশেষ করে পেস কন্ডিশনে বেশি খেলেছে বলেই হয়তো এ বছর বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় প্রথম চারজনই পেসার।
| ম্যাচ | উইকেট | সেরা | গড় | ইকোনমি | ৪ |
মোস্তাফিজ | ১১ | ১৪ | ৪/২৩ | ৩২.৫৭ | ৫.৪৮ | ১ |
মাশরাফি | ১৩ | ১৩ | ৩/৬৫ | ৪৯.৫৩ | ৫.৭৫ | ০ |
রুবেল | ১১ | ১০ | ৪/৬২ | ৫১.৫০ | ৬.১৩ | ১ |
তাসকিন | ৯ | ১০ | ৪/৪৭ | ৪২.৮০ | ৬.৬০ | ১ |
মিরাজ | ৭ | ৬ | ২/৪৩ | ৪১.৬৬ | ৫.১০ | ০ |
সাকিব | ১৪ | ৬ | ২/৪১ | ৯৯.০০ | ৫.৫০ | ০ |
মোসাদ্দেক | ১০ | ৪ | ৩/১৩ | ৪৩.৭৫ | ৫.২৫ | ০ |
নাসির | ৩ | ২ | ২/৪৭ | ৬২.৫০ | ৫.৬৮ | ০ |
সানজামুল | ১ | ২ | ২/২২ | ১১.০০ | ৪.৪০ | ০ |
সাব্বির | ১৪ | ১ | ১/১৩ | ৪৩.০০ | ১০.৩২ | ০ |