তিন টেস্টের সিরিজ খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের মাত্র দুবার। সেই ২০০৩ সালে পাকিস্তানে, ২০০৭ সালে শ্রীলঙ্কায়। প্রায় সাড়ে সাত বছর পর আবার তিন টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দেশের মাটিতে যেটা হবে প্রথম তিন টেস্টের সিরিজ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। কাল ঘোষিত এই সিরিজের সূচিতে তিন টেস্টের সঙ্গে থাকছে ৫টি ওয়ানডে।
আইসিসির আগের ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী সিরিজটি ছিল দুই টেস্টের। বিশ্ব ক্রিকেটে গত কিছুদিনের ঘটনাপ্রবাহে বদলে যাওয়া বাস্তবতায় নতুন সফরসূচিতে এটিকে তিন টেস্টের সিরিজ করে নিয়েছে বিসিবি। বাংলাদেশের মতো জিম্বাবুয়েও তিন টেস্টের সিরিজ সর্বশেষ খেলেছে শ্রীলঙ্কায়। তারাও তিন টেস্টের সিরিজ খুব বেশি খেলার সুযোগ পায়নি, সাকল্যে ৫টি। সর্বশেষটি সেই ২০০১ সালে। দুই দলেরই তাই এটি তিন টেস্টের সিরিজে প্রত্যাবর্তন। টেস্ট সিরিজের আগে জিম্বাবুয়ে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফতুল্লায়। প্রথম দুটি টেস্ট চট্টগ্রামে। মিরপুরে শেষ টেস্ট ও তিন ওয়ানডে। শেষ দুই ওয়ানডে আবার চট্টগ্রামে।
কিন্তু এত লম্বা সিরিজ কেন ঘোরাঘুরি করবে কেবল ঢাকা আর চট্টগ্রামেই? এ ব্যাপারে বিসিবির ব্যাখ্যা, খুলনার নিকটতম বিমানবন্দর যশোর দুই ঘণ্টার সড়কদূরত্বে, আবাসানও সেখানে একটি বড় সমস্যা। আর বগুড়ায় বিমানবন্দর নেই। তবে এত ঢাকঢোল পিটিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে উদ্বোধন করা সিলেট স্টেডিয়ামে কেন জিম্বাবুয়ে সিরিজেরও ম্যাচ দেওয়া হচ্ছে না, সেটা বেশ কৌতূহলোদ্দীপকই।
বিস্ময়কর হলেও সত্যি, পানিনিষ্কাশনের আধুনিক ব্যবস্থা করতে একেবারেই নতুন সিলেট বিভাগীয় স্টেডিয়ামটিকে নাকি আবারও পুরো খুঁড়তে হবে! সেই সংস্কারকাজের জন্যই জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ দেওয়া হয়নি এখানে। কিন্তু আধুনিক পানিনিষ্কাশনের ব্যবস্থাটা স্টেডিয়াম নির্মাণের সময়ই কেন করা হলো না! এই প্রশ্নের উত্তর নেই কারও কাছেই।
সিরিজের সূচি
২০-২২ অক্টোবর
তিন দিনের প্রস্তুতি ম্যাচ, ফতুল্লা
২৬-৩০ অক্টোবর
প্রথম টেস্ট, চট্টগ্রাম
৩-৭ নভেম্বর
দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম
১১-১৫ নভেম্বর
তৃতীয় টেস্ট, মিরপুর
১৯ নভেম্বর
প্রথম ওয়ানডে, মিরপুর
২১ নভেম্বর
দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
২৩ নভেম্বর
তৃতীয় ওয়ানডে, মিরপুর
২৬ নভেম্বর
চতুর্থ ওয়ানডে, চট্টগ্রাম
২৮ নভেম্বর
পঞ্চম ওয়ানডে, চট্টগ্রাম