দেশের সপ্তম টেস্ট ভেন্যু হচ্ছে খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামই সম্ভবত হতে যাচ্ছে দেশের সপ্তম টেস্ট ভেন্যু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় হোম সিরিজের একটি টেস্ট এ মাঠে আয়োজনের চিন্তা করছে বিসিবি।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজের একটি টেস্ট ও একটি ওয়ানডে খুলনায় আয়োজনের চিন্তাটা মূলত ওই সময়ে ফতুল্লা ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পাওয়া যাবে না বলেই। এ মাসের ১৪ তারিখ দরপত্র খোলা হওয়ার এক মাসের মধ্যে এই দুই টেস্ট ভেন্যুর সংস্কারকাজ শুরু হওয়ার কথা। দুই মাঠেই করা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মতো আধুনিক পানিনিষ্কাশনের ব্যবস্থা, হবে নতুন উইকেট। সে ক্ষেত্রে চট্টগ্রাম ও ফতুল্লার মাঠে অন্তত এক বছরের জন্য কোনো ম্যাচ আয়োজন সম্ভব হবে না।বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান শফিকুর রহমান এটাকেই কারণ বলেছেন খুলনায় টেস্ট আয়োজনের, ‘চট্টগ্রাম ও ফতুল্লায় সংস্কারকাজ চলবে তখন। আগামী বছরের আগে এই দুই মাঠে খেলা আয়োজন সম্ভব হবে না। তা ছাড়া খুলনার লোকেশন ভালো। নতুন একটা হোটেল হচ্ছে। সব মিলিয়ে খুলনাকে নতুন টেস্ট ভেন্যু করার এটাই ভালো সময়।’ শেখ আবু নাসের স্টেডিয়াম এরই মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ভেন্যুর স্বীকৃতি পেয়েছে। এখানে হয়েছে কেনিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচও। এ ছাড়া ২০০৬ সালে এ মাঠেই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সম্প্রতি ব্যাপক সংস্কার করা হয়েছে এ মাঠেরও। পানিনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে আধুনিক।টেস্ট ভেন্যুর জন্য আইসিসির স্বীকৃতিও প্রয়োজন হবে। শফিকুর রহমান জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই আইসিসির ভেন্যু পর্যবেক্ষক দলকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেবে বিসিবি। বাংলাদেশের বর্তমান ছয়টি টেস্ট ভেন্যু হলো ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের এম এ আজিজ ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।