দেশের সেরা খেলোয়াড়ই বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে বাংলাদেশ কাবাডি দলের অধিনায়ক আরদুজ্জামান মুন্সী ভারত থেকে একটা ফোন পেলেন। টেলিফোনের অন্য প্রান্তে ভারতের প্রো-কাবাডির দল তেলেগু টাইটানসের অধিনায়ক রাহুল চৌধুরী। তাঁর প্রশ্ন, ‘এবার তুমি প্রো-কাবাডি খেলতে আসছ না?’ নৌবাহিনীর রেইডার উত্তর দিতে পারেননি। বন্ধুকে মনের যন্ত্রণাটা আসলে বুঝতে দিতে চাননি।
আগামীকাল ও পরশু নয়াদিল্লিতে হবে পঞ্চম প্রো-কাবাডির খেলোয়াড়দের নিলাম। জুলাইয়ে শুরু লিগ। নিলামের জন্য বাংলাদেশ থেকে সেরা খেলোয়াড়দের নাম চেয়ে পাঠিয়েছিল ভারতীয় কাবাডি ফেডারেশন। কিন্তু বাংলাদেশ কাবাডি ফেডারেশন গত দুই আসরে অংশ নেওয়া আরদুজ্জামান মুন্সী ও তুহিন তরফদারের নাম বিবেচনাতেই নেয়নি। আরদুজ্জামান ও তুহিনের কোনো চোট নেই। দুজনের ফর্মও ভালো। আহমেদাবাদে গত অক্টোবরে হওয়া সর্বশেষ বিশ্বকাপেও দুজন দুর্দান্ত খেলেছেন। বিশ্বকাপে তৃতীয় সেরা রেইডার ছিলেন আরদুজ্জামান। প্রতিপক্ষের ডেরায় ৫২ বার রেইড দিয়ে পেয়েছিলেন ৫২ পয়েন্ট। তুহিন ৩০। সর্বশেষ স্বাধীনতা দিবস কাবাডিতেও সেরা রেইডারের পুরস্কার পান রানার্সআপ নৌবাহিনীর আরদুজ্জামান। অথচ এঁদের বাদ দিয়ে ফেডারেশন নৌবাহিনীর জিয়াউর রহমান, বিমানবাহিনীর সুলেমান কবির, বিজিবির জাকির হোসেন ও পুলিশের মাসুদ করিমের নাম পাঠিয়েছে। প্রো-কাবাডির নিলামে ওঠা বিদেশি খেলোয়াড়দের তালিকা ঘেঁটে দেখা গেছে ‘বি’ ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার জিয়াউর রহমান ও রেইডার সুলেমান কবির। ‘সি’ ক্যাটাগরিতে নাম রয়েছে রেইডার জাকির হোসেনের। বাদ পড়েছেন মাসুদ করিম।
নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি আয়োজকেরা। কিন্তু ফেডারেশন কর্মকর্তাদের অজ্ঞতায় চারজনের নাম পাঠানো হয়েছে। অথচ গত আসরের চেয়ে এবার দলও বেড়েছে চারটি। ১২ দলের প্রো-কাবাডি লিগে বেশি খেলোয়াড়ের নাম পাঠালে কোনো সমস্যাই ছিল না। সে ক্ষেত্রে কোর্টে নামার সুযোগ না মিললেও অনুশীলনের সুযোগ পেতেন খেলোয়াড়েরা।
প্রো-কাবাডির খেলোয়াড় বাছাইয়ের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করে ফেডারেশন। কাবাডি অঙ্গনে গুঞ্জন, এই কমিটির জনৈক সদস্যের অপছন্দের বলে সুযোগ পাননি আরদুজ্জামান। তবে যেভাবেই হোক প্রো-কাবাডিতে খেলতে যেতে পারছেন না বলে ভীষণ হতাশ আরদুজ্জামান, ‘আমাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ফেডারেশনকে বলেছিলাম অতিরিক্ত খেলোয়াড় হিসেবেও যেন আমার নাম পাঠানো হয়। তারপরও যেতে পারলাম না। খুব খারাপ লাগছে।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক, পুলিশ কর্মকর্তা (অতিরিক্ত উপমহাপরিদর্শক) হাবিবুর রহমান নতুনদের সুযোগ দেওয়ার বিষয়টি সামনে এনেছেন, ‘ওরা তো দুবার গেছে। তা ছাড়া ওখানে গিয়ে খেলার সুযোগ তেমন মেলে না, ট্রেনিংটা পায়। এসব চিন্তা করেই হয়তো কমিটি নতুনদের নাম পাঠিয়েছে। তবে চাইলে বেশি খেলোয়াড় পাঠাতে পারতাম। এটা ভুল হয়েছে।’