হতে পারে। তিন সিংহ আঁকা জার্সি গায়ে এতটা আলো ছড়ানো রুনিকে যে আগে দেখেনি ইংল্যান্ড! বাছাইপর্বে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই সব অনিশ্চয়তা দূর করে ইংল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। ইংলিশ স্ট্রাইকারের পারফরম্যান্সে মুগ্ধ কোচ রয় হজসনও। এতটাই যে কোচের বিশ্বাস, আগামী বিশ্বকাপ রুনির আলোতেই আলোকিত হতে পারে।
বিশ্বকাপ কিংবা দেশের হয়ে অন্য বড় টুর্নামেন্টগুলোর স্মৃতি অবশ্য খুব একটা সুখের নয় রুনির জন্য। ২০০৬ বিশ্বকাপে পর্তুগালের সঙ্গে ম্যাচে তখনকার ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন। ২০১০ বিশ্বকাপে আলজেরিয়ার সঙ্গে ড্র করায় সমর্থকেরা ইংল্যান্ড ফুটবলারদের দুয়ো দেওয়ায় খেপে গিয়েছিলেন। সমালোচিত হয়েছিলেন সমর্থকদের পাল্টা কটূক্তি করে। দুই বিশ্বকাপের কোনোটিতেই গোল করতে পারেননি ইউনাইটেড স্ট্রাইকার। তবে এসব পুষিয়ে দেওয়ার জন্যই যেন ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বটাকে বেছে নিয়েছিলেন তিনি। অনিশ্চয়তার দোলাচলে থাকা ইংল্যান্ডকে পোল্যান্ড ও মন্টেনেগ্রোর বিপক্ষে শেষ দুটি ম্যাচে গোল করে তো জিতিয়েছেনই, বাছাইপর্বের শেষ ছয় ম্যাচে রুনির গোল সাতটি। এই রুনিকে নিয়ে তাই আগামী বছর বিশ্বকাপেও দারুণ আশাবাদী ইংল্যান্ড কোচ, ‘যদি জিজ্ঞেস করা হয় সে যেভাবে খেলছে তাতে বিশ্বকাপের তারকা হয়ে উঠতে পারবে কি না—আমি বলব, অবশ্যই পারবে। এটা আমার বিশ্বাস।’ গত দুটি বিশ্বকাপের পারফরম্যান্স কিংবা আগের ব্যক্তিগত আচরণ দিয়ে ছাত্রকে বিচার করতেও রাজি নন হজসন, ‘আপনি অতীতের ভুল দিয়ে কোনো মানুষকে বিচার করতে পারেন না। তার হয়তো মাথা গরম করার অভ্যাস ছিল, কিছু ভুল করেছে, কিন্তু সে ওগুলোর খেসারতও দিয়েছে। আমি সেসব খুঁড়ে বের করার পক্ষপাতী নই।’
কোচের এমন আস্থার প্রতিদান রুনি আসলেই দিতে পারেন কি না, সেটা দেখার জন্য নাহয় অপেক্ষা করা যাক। এএফপি।