দেড় বছর খেলা নেই বক্সিংয়ে!
বক্সিং ফেডারেশনের বারান্দায় বড় একটি ছবি। পদক গলায় ঝুলিয়ে হাসছেন গত এসএ গেমসের সোনাজয়ী দুই বক্সার জুয়েল আহমেদ ও আবদুর রহিম। এঁদের মতোই একদিন দেশের হয়ে সোনা জেতার স্বপ্ন দেখেন কাজী ফয়সাল, খোরশেদ আলম, মশিউর রহমান, ফারুক আহমেদরা। সেই লক্ষ্যেই আগামী এসএ গেমসের অনাবাসিক ক্যাম্পে যোগ দেওয়া এই তরুণদের। কিন্তু যেখানে সারা বছর বক্সিংই হয় না, সেখানে এই স্বপ্ন পূরণের সুযোগ কোথায়?সর্বশেষ ২০১০ সালের জুলাইয়ে হয়েছিল জাতীয় বক্সিং। এরপর নামকাওয়াস্তে হয়েছে বিজয় দিবস, স্বাধীনতা দিবসের মতো ছোটখাটো দিনব্যাপী টুর্নামেন্ট। জাতীয় কোনো প্রতিযোগিতা নেই বলে এই বক্সারদের কাটছে অলস সময়। বাংলাদেশ আনসারের রিয়াজ হোসেন ধৈর্যই হারিয়ে ফেলেছেন, ‘জাতীয় বক্সিংয়ের জন্য তীর্থের কাকের মতো বসে আছি। জানি না, কবে খেলা দেবে ফেডারেশন।’ খেলা নেই, অনুশীলন নেই। তাই কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের বাছাইপর্বেই থেমে যায় বাংলাদেশের দৌড়। গত বছর কাজাখস্তানের বিশ্ব জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে বাছাইপর্বই পার হতে পারেননি আনসারের আরিফ হোসেন। তার পরও তাঁর মধ্যে প্রতিভা দেখে লন্ডনস্থ আন্তর্জাতিক অপেশাদার বক্সিং অ্যাসোসিয়েশন (আইবা) তাঁকে এক মাসের বৃত্তির জন্য মনোনীত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কিছু বক্সার তা-ও আন্তইউনিট ও আন্তসেক্টর প্রতিযোগিতায় মাঝেমধ্যে অংশ নেন। কিন্তু বাকি বক্সারদের রিংয়ে ওঠার কোনো সুযোগই থাকে না। বক্সিং কোচ সৈয়দ মহিউদ্দিনের খুব খারাপ লাগে এতে, ‘ছেলেরা সারা বছর খেলতে পারে না বলে আমাদের খারাপ লাগে। আরিফের মতো ছেলেদের প্রতিভা থাকা সত্ত্বেও সঠিক পরিচর্যা করতে পারছি না।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) এম এ লতিফ খান অস্বীকার করতে পারছেন না খেলা আয়োজনের ব্যর্থতা, ‘আমরা চাই সারা বছর খেলা থাকুক। কিন্তু আমাদের প্রধান সমস্যা তহবিল।’ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জাতীয় জুনিয়র, সিনিয়র, ইন্টারমিডিয়েট ও মহিলা বক্সিং নিয়ে বড় পরিসরে একটা প্রতিযোগিতা আয়োজনের ইচ্ছা ছিল ফেডারেশনের। কিন্তু ওই সময় এনএসসির প্রতিভা অন্বেষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব চলবে বলে এনএসসির আবাসিক সুবিধা পাওয়া যাবে না। তাই আপাতত এটা পেছানোর চিন্তাভাবনা করছেন ফেডারেশনের কর্মকর্তারা।