দেড় বছর পর টেস্ট দলে গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে গত মাসে ওয়ানডে দলে ফিরেছেন। ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল এবার টেস্ট দলে ফিরলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১০ সালের ডিসেম্বরে সর্বশেষ টেস্টে দেখা গিয়েছিল তাঁকে।ঘরের মাঠে অনুষ্ঠেয় সিরিজে ফিরেছেন শিবনারায়ণ চন্দরপলও। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারেননি তিনি। তবে ইংল্যান্ড সফরে পাওয়া চোট কাটিয়ে ফিরতে পারেননি ড্যারেন ব্রাভো। টেস্টে গত বছর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি।ইংল্যান্ড সফরের শেষ ম্যাচে টেস্টে অভিষেক হয়েছিলেন আসাদ ফুদাদিনের। নিউজিল্যান্ডের বিপক্ষেও রাখা হয়েছে এই টপ অর্ডার ব্যাটসম্যানকে। ১৩ সদস্যের টেস্ট দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নির্বাচকেরা দলে রেখেছেন শুধু সুনীল নারাইনকে। আগামী বুধবার অ্যান্টিগায় মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বোর্ডের সঙ্গে গেইলের দ্বন্দ্বের কারণ ছিল গত বিশ্বকাপের পর তাঁর দেওয়া এক সাক্ষাত্কার। ওই সাক্ষাত্কারে গেইল বোর্ডের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, আহত থাকার সময় তাঁর খোঁজ নেয়নি বোর্ডের কেউ। সেই সাক্ষাত্কারে দলের কোচ ও অধিনায়কেরও কঠোর সমালোচনা করেন গেইল।গেইলের অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘোষণা দেয়, আলোচনায় বসা ও ক্ষমা চাওয়ার আগপর্যন্ত জাতীয় দল দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে দেওয়া হবে না গেইলকে। তবে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেন গেইল। আলোচনায় অবশ্য তিনি বসেছিলেন। কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে এরপর নিজ থেকে উদ্যোগ নিয়েছিলেন গেইল। গত মে মাসের গোড়ার দিকে সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করে গেইল জানিয়ে দেন, দেশের হয়ে খেলতে চান তিনি। তাঁর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ও অধিনায়ক। তবে তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে আরও আলাপ-আলোচনার ওপর জোর দেয় বোর্ড। গেইল ইস্যু এতটাই ব্যাপকতা লাভ করেছিল যে সব কাজকর্ম ফেলে বোর্ডের সঙ্গে আলোচনায় বসেন অ্যান্টিগা ও বারমুডার প্রধানমন্ত্রী ব্যাল্ডউইন স্পেনসার এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের প্রধানমন্ত্রী র্যালফ গঞ্জালভেস। আলোচনা সফলতার মুখ দেখার পর গত ৫ জুন প্রায় ১৫ মাস পর গেইলকে দলে নেন ক্যারিবীয় নির্বাচকেরা।ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রিস গেইল, আড্রিয়ান বারাথ, কাইরন পাওয়েল, আসাদ ফুদাদিন, শিবনারায়ণ চন্দরপল, মারলন স্যামুয়েলস, নরসিং ডিওনারাইন, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), টিনো বেস্ট, কেমার রোচ, রবি রামপল ও সুনীল নারাইন। সূত্র: ওয়েবসাইট।