দেড় বছর পর স্পেশাল অলিম্পিক দলকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এথেন্সে বুদ্ধিপ্রতিবন্ধীদের স্পেশাল অলিম্পিক হয়েছিল গত বছর ২৬ জুন থেকে ৫ জুলাই। বাংলাদেশের অর্জনটা বেশ বড়, ৩৫ সোনা, ১৬ রুপা ও ৭ ব্রোঞ্জ। অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ফুটবল, সাঁতার ও বউচিতে অংশ নিয়েছে ৪০ জন বুদ্ধিপ্রতিবন্ধী। এথেন্সে খেলে আসা বাংলাদেশের সেই স্পেশাল অলিম্পিক দলকে দেড় বছর পর গতকাল সংবর্ধনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)! এনএসসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারজয়ী খেলোয়াড়দের একটা করে ট্র্যাকস্যুট আর ফুলের তোড়া উপহার দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। তবে খেলোয়াড়েরা আশা করেছিলেন সামান্য কিছু হলেও অর্থ পুরস্কার দেবেন মন্ত্রী। তা না পেয়ে অনেকেই হতাশা নিয়ে ফিরে গেছেন। দু-চারজন বাদে সবাই স্পেশাল অলিম্পিক দলের অসচ্ছল পরিবারের সন্তান।