দেড় মাস মাঠের বাইরে তামিম
এই ব্যথাটা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেলেছেন। এই ব্যথা নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন, নাম লিখিয়েছেন লর্ডসের অনার্স বোর্ডে। এর সবই করেছেন সার্বক্ষণিক একটা অস্বস্তিকে সঙ্গী করে।এই অস্বস্তি থেকে মুক্তি পেতে হাতে অস্ত্রোপচার করিয়ে ফেললেন তামিম ইকবাল। তবে এ জন্য আগামী ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে গত কিছু দিনের পারফরম্যান্সে দেশের সেরা এই ব্যাটসম্যানকে। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ তো মিস করছেনই, বাইরে থাকতে হবে এর পরও কিছু দিন।বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি জানাচ্ছে, মেলবোর্নের গ্লেনফেরি প্রাইভেট হাসপাতালে গতকাল সফলভাবে তামিমের বাঁ হাতে অস্ত্রোপচার শেষ হয়েছে। গতকাল মেলবোর্ন সময় সন্ধ্যা সাতটা থেকে ঘণ্টাখানেক স্থায়ী এই অস্ত্রোপচার করেছেন গ্রেগ হয়। তামিমের বাঁ হাতের মধ্যমার নিচের হাড়ের (মেটাকারপাল) ভিত্তি থেকে হাড়ের ভাঙা টুকরোটি সরিয়ে ফেলা হয়েছে।গত সপ্তাহে তামিম যখন অস্ট্রেলিয়ায় রওনা হন, তখনো নিশ্চিত ছিলেন না, তাঁর অস্ত্রোপচার লাগবে কি না। সিডনি ও মেলবোর্নে দুজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর তাঁদের মতামতের ভিত্তিতে তামিম অস্ত্রোপচার করানোরই সিদ্ধান্ত নেন।মেলবোর্ন থেকে বাংলাদেশি ক্রিকেটের সুহূদ এবং তামিমের দেখভাল করতে থাকা ইকরাম বাবু টেলিফোনে জানালেন, ‘অস্ত্রোপচারের আগে ডক্টর হয় বলেছেন, সাধারণত এসব ক্ষেত্রে আট সপ্তাহ লাগে মাঠে ফিরতে। আগামী বৃহস্পতিবার ওর সেলাই খোলা হবে। তারপর এখানে একজন ফিজিও ওকে দেখবেন। শনি বা রোববার তামিম দেশে রওনা হতে পারে।’বাবুই জানালেন, অস্ত্রোপচার কক্ষে নেওয়ার আগ পর্যন্ত দুষ্টুমি করে, মজা করে সময় কাটিয়েছেন তামিম। ওখান থেকে মাশরাফি বিন মুর্তজা ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে ফোনও করেছেন। মেলবোর্নে অস্ত্রোপচার করানোর দিক থেকে ওই দুজন যে তাঁর পূর্বসূরি।