দেড় মাসেই একাডেমি পাচ্ছে বাফুফে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ফুটবল একাডেমি সংস্কারে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ঢিলেমি নিয়ে বেশ ক্ষুব্ধই ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ‘এটির এখন আর আমাদের প্রয়োজন নেই’—এমন কথাও বলেছিলেন ফেডারেশনের সহসভাপতি বাদল রায়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সাড়া পাওয়া গেল অবশেষে। আগামী দেড় মাসের মধ্যেই একাডেমি সংস্কার করে বাফুফেকে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী।এনএসসিতে হকি খেলোয়াড়দের সঙ্গে সভা শেষে বললেন, ‘আমি জানি এটা নিয়ে সালাউদ্দিন ভাই উষ্মা প্রকাশ করেছেন। এটা ওনার আবেগের কথা। আমরা একাডেমি সংস্কারের ব্যাপারে অবশ্যই আন্তরিক। আশা করি, দেড় মাসের মধ্যে একাডেমির সব কাজ শেষ করে ফেলব।’গত জানুয়ারিতে সিলেট বিকেএসপি সংস্কারের জন্য ১ কোটি ৯৪ লাখ টাকা অনুমোদিত হয়। এর পর থেকেই এনএসসি সময় পার করছে দরপত্র আহ্বান ও পুনঃ আহ্বান নিয়ে। কেন গুরুত্বপূর্ণ বিষয়টির এমন কালক্ষেপণ? মন্ত্রীর ব্যাখ্যা, ‘এটার প্রথম টেন্ডারে পদ্ধতিগত ভুল ছিল। দ্বিতীয়বারও সমাধান হয়নি। প্রক্রিয়াগত জটিলতার কারণেই এমন দীর্ঘসূত্রতা। তবে এ সমস্যার সমাধান তাড়াতাড়িই হয়ে যাবে।’ তবে মন্ত্রী যা-ই বলুন না কেন, এনএসসির কাজ দেখে মনে হচ্ছে, এ বছরও সিলেট একাডেমি বুঝে পাওয়াটা কষ্টকর হবে বাফুফের!