দেড় মাসের মধ্যেই নতুন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্গেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। ছবি: বিসিবির সৌজন্যে
জার্গেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। ছবি: বিসিবির সৌজন্যে

খুব শিগগিরই জার্গেনসেনের পদত্যাগপত্র গ্রহণ করে নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আর এই পদত্যাগপত্র গ্রহণের মধ্য দিয়ে অবসান হবে বাংলাদেশের ক্রিকেটে জার্গেনসেন যুগের। তিনি আরও জানিয়েছেন, দেড় মাসের মধ্যেই নিয়োগ করা হচ্ছে নতুন কোচ।

আজ সোমবার বিসিবি কার্যালয়ে জার্গেনসেনের সঙ্গে আলোচনায় বসেছিলেন নাজমুল হাসান। উদ্দেশ্য ছিল তাঁকে যদি অন্তত ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত রেখে দেওয়া যায়। কিন্তু অস্ট্রেলীয় এই কোচ বিসিবি সভাপতির অনুরোধ এক প্রকার প্রত্যাখ্যানই করেছেন।

কেউ চলে যেতে চাইলে তাঁকে জোর করে রাখা যায় না। জার্গেনসেনের সঙ্গে বৈঠক করে যেন এই কথাটিই আবার উপলব্ধি করেছেন নাজমুল হাসান, ‘জার্গেনসেন চলে যেতে চাইছেন। তাঁকে আমরা আর রাখতে চাই না। খুব দ্রুততম সময়ে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

খুব দ্রুতই নতুন একজন কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন নাজমুল, ‘আমরা দেড় মাসের মধ্যে নতুন কোচ নিয়োগ দেব।’

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকতে না চাইলেও আগামী মাসে ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন করতে চেয়েছিলেন জার্গেনসেন। এ ব্যাপারে নিজের ইচ্ছার কথা বিসিবি সভাপতিকে জানিয়েছেনও জার্গেনসেন। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পদত্যাগী এই কোচ হয়তো সে সুযোগ পাচ্ছেন না।