দোকান মালিক সমিতিও!
বিপিএল আয়োজন করতে গিয়ে অনেককেই ঠান্ডা রাখতে হচ্ছে বিসিবিকে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর পর এবার শেরেবাংলা স্টেডিয়ামের দোকান মালিক সমিতিও বিপিএলের দোহাই দিয়ে কিছু পেতে চাইছে বিসিবির ভান্ডার থেকে।মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেট হলে নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম মার্কেটের দোকানপাট বন্ধ রাখার নিয়ম। বিপিএলের সময়ও সেটাই হওয়ার কথা। স্টেডিয়াম মার্কেটের দোকান মালিক সমিতিও তাই দোকান বন্ধের বিনিময়ে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে বিসিবির কাছে। আজকের মধ্যে এ বিষয়ে ইতিবাচক সমাধান চায় তারা।যে চাচ্ছে, বিপিএল থেকে সেই দুই পয়সা পাচ্ছে। বিপিএলকে লুটপাটের টুর্নামেন্ট বলেও প্রিমিয়ার লিগের ক্লাবগুলো যেমন দাবির মুখে আদায় করে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। দোকান মালিক সমিতি হয়তো উৎসাহটা পেয়েছে সেখান থেকেই। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে জানানো হয়েছে, বিপিএলের সময় দোকান বন্ধ রাখায় মালিকদের যে আর্থিক ক্ষতি হবে, সেটা পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে বিসিবিকে। বিষয়টা নিয়ে নাকি আন্তমন্ত্রণালয় সভায়ও আলোচনা হয়েছে। যদিও বিসিবির পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘এ রকম একটা চিঠি পেয়েছি। তবে আন্তমন্ত্রণালয় সভায় দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। এ রকম একটা আলোচনা সভায় উঠলেও ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়নি।’এনএসসির মাধ্যমে দোকান মালিক সমিতির অদ্ভুত দাবি স্টেডিয়ামের ভেতর দোকান কেন, সেই প্রশ্নটিই তুলে দিয়েছে আবার। বহিরাগতদের অবাধ অনুপ্রবেশের সুযোগ করে দেওয়ায় স্টেডিয়াম এলাকার দোকানপাট থাকাটাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান, ‘পৃথিবীর কোথাও স্টেডিয়ামের ভেতর দোকান নেই। এসব দোকান নিরাপত্তার জন্য হুমকি। স্টেডিয়াম এলাকা থেকে দোকানপাট না সরালে ভবিষ্যতে আইসিসির কাছেও আমাদের সমস্যায় পড়তে হতে পারে।’