দোরগোড়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি থেকে শুরু করে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের সব কর্মকর্তার ভাবনাজুড়ে এখন ‘স্পট ফিক্সিং’ শব্দ দুটোই থাকার কথা। তাই ছিল। কেপটাউনে টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রধান নির্বাহীদের বৈঠকে আলোচনায় এসেছে দুর্নীতি দমন ও নিরাপত্তা বিধানে আইসিসির করণীয়।কিন্তু এই ডামাডোলের মধ্যেও আইসিসি বহু আলোচিত দীর্ঘমেয়াদি সংস্কারপ্রক্রিয়া হাতে নিয়ে ফেলেছে। প্রধান নির্বাহীদের এই কমিটি (সিইসি) টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগ চালুর সুপারিশ করেছে। এই কমিটির বৈঠকে পাস হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপে দল কমানো ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাড়ানোর প্রস্তাবও। নতুন প্রস্তাব অনুযায়ী চার বছরের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপিকে) ঢেলে সাজানো হবে একটি চ্যাম্পিয়নশিপ মাথায় রেখে। এই সময়ের সব টেস্টের ফল বিবেচনায় নিয়ে নির্ধারণ করা হবে সেরা চার টেস্ট দলকে। এই চার দল চতুর্থ বছরে গিয়ে প্লে-অফ খেলবে; যেটি ২০১৩ সালে করতে চায় আইসিসি।একই সঙ্গে সিইসি একটি ওয়ানডে লিগেরও প্রস্তাব করেছে; যার প্রথমটি চলবে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত। সিইসির প্রস্তাব, ওয়ানডে বিশ্বকাপে দলসংখ্যা ১০-এ নামিয়ে আনা হোক। যেহেতু আফগানিস্তান, আয়ারল্যান্ডের মতো দল টি-টোয়েন্টিতে ভালো করছে, তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলসংখ্যা ১৬-তে উন্নীত করার পক্ষে তারা।এসব ব্যাপারে সিইসি একমত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এই তিন ফরম্যাটকেই টিকিয়ে রাখা সম্ভব। আমি বিশ্বাস করি, সিইসি সামনে এগিয়ে এসে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে।’সিইসির এই প্রস্তাব এখন আইসিসির বোর্ডে যাবে। সেখানে পাস হলেই শুরু হয়ে যাবে টেস্ট ও ওয়ানডে লিগ। এএফপি, আইসিসি। সিইসির প্রস্তাবমালাটেস্ট লিগ মাথায় নিয়েই ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) সব টেস্ট ম্যাচের সূচি নির্ধারিত হবে। এই লিগের সেরা চার দল প্লে-অফ খেলবে।প্রতি চার বছরে একবার প্লে-অফ হবে। প্রথমটি হবে ২০১৩ সালে।এফটিপিতে একটি ওয়ানডে লিগও রাখা হবে। যার প্রথমটি ২০১১ সালের এপ্রিলে শুরু হয়ে চলবে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত। এই লিগের শেষে নির্ধারিত হবে ‘আইসিসি ওডিআই লিগ চ্যাম্পিয়ন’। এই লিগ অবশ্যই ওয়ানডে বিশ্বকাপের বাইরের একটি আয়োজন হবে।২০১৫ সাল থেকেই ওয়ানডে বিশ্বকাপে দলের সংখ্যা কমিয়ে ১০-এ নামিয়ে আনার ব্যাপারটা বিবেচনা করা যেতে পারে।২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই দলের সংখ্যা ১৬ করা যেতে পারে।যত দ্রুত সম্ভব টি-টোয়েন্টির আন্তর্জাতিক র‌্যাঙ্কিং চালু করতে হবে।