দোলায় দোলেশ্বর

‘আমাদের জয়কে যখন কেউ অঘটন বলে, খুব খারাপ লাগে। একটি-দুটি ম্যাচ হলে কথা ছিল, বারবার নামী-দামি সব দলকে হারানো মানে আমরা যোগ্য বলেই জিতে চলেছি’—মিজানুর রহমানের কণ্ঠে একই সঙ্গে গর্ব আর ক্ষোভমাখা উচ্চারণ। মোহামেডানের কাছে হেরে লিগ শুরু, পরে শুরু তাদের জয়ের মিছিল। আবাহনী, শেখ জামাল, প্রাইম ব্যাংককে হারানোর পর কাল গাজী ট্যাংকের বিপক্ষে জয়। কাগজ-কলমের হিসাবেই প্রাইম দোলেশ্বরের একেকটি জয়কে বলা হচ্ছিল অঘটন। কিন্তু দলের কোচের দাবিমতো অঘটন বলার যে জো নেই, সেটার প্রমাণ পয়েন্ট টেবিল। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দোলেশ্বরই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে!
তবে অঘটন না হোক, দোলেশ্বরের কালকের জয়কে অবিশ্বাস্যই বলতে হবে। দুপুরে বৃষ্টি-বাধায় যখন বন্ধ হলো খেলা, ২১২ রান তাড়ায় গাজীর রান তখন ৩১ ওভারে ৩ উইকেটে ১১৫। খেলা আর না হলে ডাকওয়ার্থ-লুইসে জিতে যায় গাজী। শেষ বিকেলে যখন ফের শুরু হলো খেলা, তখনো গাজীর জয়কে মনে হচ্ছিল আনুষ্ঠানিকতা। ৩০ বলে প্রয়োজন ছিল ৩১ রান, হাতে ৭ উইকেট। কিন্তু দোলেশ্বরের যাত্রা যে এখন দোলায় চড়ে! এই ম্যাচটাও জিতে নিল তারা ৩ রানে। এই দলের কাছে এখন যেন অসম্ভব বলে কিছু নেই। ম্যাচ শেষে অধিনায়ক ফরহাদ রেজাও বলছিলেন, ‘ম্যাচটা ওদের হাতেই ছিল। কিন্তু আমরা যেমন খেলছি, বিশ্বাস ছিল কিছু একটা হয়েও যেতে পারে। তাই একটুও হাল ছাড়িনি আমরা।’
কাল শেষ বিকেলের নায়ক এই ফরহাদই। চোটের কারণে এই ম্যাচটি যাঁর খেলারই কথা ছিল না। কোচ আর সতীর্থরা সাহস জোগানোয় শেষ পর্যন্ত নামলেন, দলকে জিতিয়ে হলেন ম্যাচসেরা। চোটের কারণেই কাল বোলিং করতে চাননি। কিন্তু বৃষ্টিতে ওভার কমে যাওয়ায় মূল বোলারদের ওভার শেষ হয়ে গেলে বোলিংয়ে আসেন সাত নম্বরে। বৃষ্টির পর ওই পাঁচ ওভারের তিনটিই করে ১৮ রান দিয়ে নেন তিন উইকেট। এর মধ্যে ছিল মহাগুরুত্বপূর্ণ শেষ ওভারটিও। গাজীর প্রয়োজন ছিল ১২, দুটি উইকেট নিয়ে ফরহাদ দিয়েছেন ৮ রান। স্টাইরিসকে স্টাম্পড করে দোলেশ্বরকে সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেটটি এনে দিয়েছেন অবশ্য খণ্ডকালীন মমিনুল। দুর্দান্ত এক ওভারে রকিবুল ও হামিদুলকে বোল্ড করার পাশাপাশি মাত্র ৩ রান দেন সোহাগ গাজী। পরে ফরহাদের হাত ধরে জয়।
দোলেশ্বর অধিনায়ক দলের এই স্বপ্নযাত্রার নেপথ্য কারিগর বললেন কোচকে, ‘দলের কোনো সিদ্ধান্তে কর্মকর্তাদের হস্তক্ষেপ নেই। দল নিয়ে কোচের কথাই চূড়ান্ত, তিনিই আমাদের ডন! সবাইকে উদ্বুদ্ধ করার দারুণ ক্ষমতা আছে তাঁর। দলে কোনো বড় তারকা না থাকুক, আমাদের শক্তি দুর্দান্ত টিম স্পিরিট।’
টিম স্পিরিটের জয়গান কোচ মিজানুর রহমানের কণ্ঠেও, ‘বছর দুয়েক আগে কাগজে-কলমে অনেক দুর্বল দল নিয়েও আমি ডিওএইচএসকে লিগে তৃতীয় বানিয়েছিলাম। আমি তারকায় বিশ্বাসী নই। বিশ্বাস করি তারুণ্যে, যাদের উদ্বুদ্ধ করা যায়। এবারও আমার হয়তো বড় কোনো তারকা নেই, কিন্তু আছে একটা দল। যারা সত্যিকার অর্থেই মাঠে একটা দল হিসেবে খেলে। অসাধারণ টিম স্পিরিটই আমাদের সাফল্যের মূল রহস্য।’
এই টিম স্পিরিট কোথায় নিয়ে যাবে দোলেশ্বরকে? মিজানুরের দৃষ্টি আপাতত সুপার লিগে। তবে এভাবে খেলতে থাকলে নিশ্চিত ধরা দেবে আরও বড় প্রাপ্তি!
সং ক্ষি প্ত স্কো র
মোহামেডান-প্রাইম ব্যাংক, বিকেএসপি
মোহামেডান: ৫০ ওভারে ১৭৩ (জুপিটার ২৪, দিলশান ২৮, শামসুর ১৬, থারাঙ্গা ১২, রাজিন ২১, ধীমান ১০, এজাজ ৩, মাশরাফি ৩, মুক্তার ৩০, সাকলাইন ১৪, মেন্ডিস ০*; তাপস বৈশ্য ২/৩৯, রহমান ১/২৮, জিয়াউর ৩/২৪, এনামুল জু. ২/৩২, ফরিদউদ্দিন ১/১৯, তায়েবুর ০/১৮, রেজাউল ১/১১)। প্রাইম ব্যাংক: ৪৭.৪ ওভারে ১৭৪/৮ (সৈকত ১৭, জিয়াউর ১৪, রাজাপক্ষে ০, টেলর ২০, , থিরিমান্নে ২, তায়েবুর ৩৮, রেজাউল ৪১, ফরিদউদ্দিন ১২, তাপস বৈশ্য ৮*, এনামুল জু. ১*; মাশরাফি ০/৪৮, সাকলাইন ৩/২৪, মেন্ডিস ২/৩৩, দিলশান ১/২৬, রাজিন ০/১৬, মুক্তার ২/২১, শামসুর ০/৫)।
ফল: প্রাইম ব্যাংক ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রেজাউল করিম (প্রাইম ব্যাংক)।
গাজী ট্যাংক-প্রাইম দোলেশ্বর, মিরপুর
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ২১১/৯ (মেহেদী ৬০, রনি ৭, সাব্বির ৭, মমিনুল ৩৪, সিলভা ৬৫, ফরহাদ রেজা ৮, সাম্পাথ ১৫, ফার্নান্ডো ৫, সোহাগ ২, আরমান ০*, তাইজুল ০*; রুবেল ৪/৫৩, শহীদ ০/২৮, আরাফাত ২/২৯, মাহমুদউল্লাহ ২/৪৬, নাঈম জু. ০/৩৬, উসমান ০/১৫)। গাজী ট্যাংক (লক্ষ্য ৩৬ ওভারে ১৪৬): ৩৬ ওভারে ১৪২/৯ (ইমরুল ১৩, উসমান ২৫, রিয়াজুল ২, স্টাইরিস ৪০, মাহমুদউল্লাহ ৩১, রকিবুল ৫, হামিদুল ৪, শহীদ ২, নাঈম জু. ৬, রুবেল ১*, আরাফাত ১*; সোহাগ ২/১৬, ফার্নান্ডো ২/২৬, সাম্পাথ ০/২৮, তাইজুল ১/৩৩, সাব্বির ০/৪, মমিনুল ১/১২, ফরহাদ রেজা ৩/১৮)।
ফল: প্রাইম দোলেশ্বর ৩ রানে জয়ী (ডি/এল পদ্ধতিতে)।
ম্যান অব দ্য ম্যাচ: ফরহাদ রেজা (প্রাইম দোলেশ্বর)।
ভিক্টোরিয়া-সিসিএস, ফতুল্লা
সিসিএস: ৫০ ওভারে ২১৭/৮ (নুরুল ০, উত্তম ৫, বুদ্দিকা ৩৬, সালমান ৫২, রুপাসিংহে ২৭, আসিফ ২২, মাহারুফ ৪২, মিলন ১৬, কামরুল ৯*, বিশ্বনাথ ১*; শরীফ ২/৩৬, মনির ৩/৩৪, নাসির ১/৩৩, বীরাকুন ০/৩০, এনামুল ০/২২, সিরিবর্দানা ১/৩৮, করুনানায়েকে ১/২১)। ভিক্টোরিয়া: ৪৮.৪ ওভারে ২১৯/৭ (সৌম্য ৪, এনামুল (বিজয়) ১৪, মাইশুকুর ৪, করুনানায়েকে ৩১, নাসির ৭৭, সিরিবর্দানা ২৫, জুবায়ের ৪০*, শরীফ ০, এনামুল ১১*; আসিফ ৩/৩৬, বিশ্বনাথ ০/২৯, মাহারুফ ১/৪৫, কামরুল ২/৪৯, রেফাতুজ্জামান ০/২৫, বুদ্দিকা ১/৩১)।
ফল: ভিক্টোরিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন (ভিক্টোরিয়া)।