দোলেশ্বরের আরেকটি অঘটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় এসে গত তিনটি ম্যাচে নিজেকে ঠিক চেনাতে পারেননি স্কট স্টাইরিস। কাল সেঞ্চুরি দিয়েই সেটা করলেন গাজী ট্যাংকের এই কিউই ক্রিকেটার  প্রথম আলো
ঢাকায় এসে গত তিনটি ম্যাচে নিজেকে ঠিক চেনাতে পারেননি স্কট স্টাইরিস। কাল সেঞ্চুরি দিয়েই সেটা করলেন গাজী ট্যাংকের এই কিউই ক্রিকেটার প্রথম আলো

একটি না, দুটি না, তিন-তিনটি দৈত্য বধ! প্রাইম দোলেশ্বরকে অঘটনঘটনপটীয়সী বলবেন, নাকি বলবেন এবারের লিগের আরেক ফেবারিট?
এর আগে আবাহনী আর শেখ জামালকে লজ্জা ‘উপহার’ দেওয়ার পর কাল দোলেশ্বর ৫ উইকেটে হারিয়ে দিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগে কালকের সবচেয়ে বড় ঘটনা এটাই। দিনের অন্য দুই ম্যাচে ভিক্টোরিয়া ৮৫ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রকে এবং গাজী ট্যাংক ক্রিকেটার্স শেষ ওভারে গিয়ে ৫ উইকেটে হারিয়েছে সিসিএসকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এ ম্যাচে হাতে গোনা দর্শকদের যথেষ্টই বিনোদিত করল গাজী ট্যাংকের সেঞ্চুরিয়ান স্কট স্টাইরিসের ব্যাট।
বিকেএসপি ৩ নম্বর মাঠের উইকেট এখন আর খুব বেশি মন্থর নয়। তবে কাল মন্থর হয়ে গেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটিং। ওপেনার সৈকত আলীর ৯১ বলে ৫২ রানের ইনিংসটাই তার প্রমাণ। দলের ৪৮.৫ ওভারে করা ১৮২ রানে যে সেটারই প্রভাব! মিডল অর্ডারে শ্রীলঙ্কান লাহিড়ি থিরিমান্নে (৬৮ বলে ৫১ রান) ছাড়া রান-বলের লড়াইয়ে সবাই অনেক অনেক পিছিয়ে। এটা যে শুধু ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই, তা নয়। দোলেশ্বরের বোলিং-ফিল্ডিংও হলো দারুণ। হাসান্থা ফার্নান্দোর বলে শর্ট কভারে দাঁড়িয়ে যেমন জিয়ার দুর্দান্ত ক্যাচটা নিলেন মেহেদী মারুফ।
ফার্নান্দো অবশ্য ওই একটা উইকেটই পেয়েছেন। তিনটি করে উইকেট পেয়ে এদিক দিয়ে এগিয়ে সোহাগ গাজী আর তিলকারত্নে সামপাথ। শ্রীলঙ্কান এই অলরাউন্ডার পরে ব্যাট হাতেও রেখেছেন দারুণ ভূমিকা। ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে দোলেশ্বর যখন পরাজয়েরই শঙ্কায় দুলছিল, স্বদেশি রোশান শিভাঙ্কা সিলভার (৬৩*) সঙ্গে সামপাথের (৩৪) ৮৯ রানের জুটিই জয়ের দিকে নিয়ে যায় দলকে। চার ম্যাচে তিন জয় নিয়ে মোহামেডান ও গাজী ট্যাংকের মতো প্রাইম দোলেশ্বরের পয়েন্টও এখন ৬।
এবারের লিগে এখন পর্যন্ত দুবার এক শর নিচে অল আউট হওয়া সিসিএস নিশ্চিতভাবেই কাল গা ঝাড়া দিয়ে উঠেছিল নিজেদের ব্যাটিংয়ের পর। ৫০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ২৫৫—গাজী ট্যাংকের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতোই ছিল ব্যাপারটা। কিন্তু ম্যাচটা শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়েও সিসিএস জিততে পারল না মূলত অভিজ্ঞতার কারণে। গাজীর ২৬ রানের মধ্যে উসমান তারিক আর আফতাব আহমেদের উইকেট তুলে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন সিসিএসের আসিফ আহমেদ। কিন্তু তৃতীয় উইকেটে ইমরুল কায়েস (৫৪) ও স্টাইরিস (১০২) মিলে ৮৬ রান যোগ করে সামলে নেন সে বিপর্যয়। আর তুলির শেষ আঁচড়টা দিলেন রকিবুল হাসান। ষষ্ঠ উইকেটে হামিদুলের (২৩*) সঙ্গে ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটি। নিজে করেছেন ৫১ বলে অপরাজিত ৫৮। তাতে চার বাউন্ডারির সঙ্গে ছিল দুই ছক্কাও—রকিবুল যেন বদলাতে শুরু করেছেন নিজেকে!
ফতুল্লায় ভিক্টোরিয়ার সামনে দাঁড়াতেই পারেনি কলাবাগান। এনামুল ও শালিকা করুনানায়েকের পঞ্চাশের সুবাদে ২৩১ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকা কলাবাগান ক্রীড়া চক্র ৪৭তম ওভার পর্যন্ত খেলেও ১৪৬ রানের বেশি করতে পারেনি। চতুর্থ ম্যাচে এটি তৃতীয় জয় ভিক্টোরিয়ার। সমান ম্যাচে কলাবাগানের তৃতীয় পরাজয়।
সং ক্ষি প্ত স্কো র
 ভিক্টোরিয়া: ৪৮.৪ ওভারে ২৩১ (সৌম্য ৫, এনামুল বিজয় ৭০, মাইশুকুর ১০, করুনানায়েকে ৭০, নাসির ৭, মিলিন্দা ৭, জুবায়ের ২৬, শরীফ ১১, এনামুল ১, বীরাকুন ২*, মনির ২; রাসেল ২/৫৪, চিন্থাকা ২/৩১, ফরহাদ ২/১৪, সাজু ০/৫৮, জিহান ৩/৩৮, নাদিফ ১/৩০)। কলাবাগান কেসি: ৪৬.৫ ওভারে ১৪৬ (মিঠুন ২১, মাহবুবুল ২৬, নাদিফ ১০, জিহান ২২, নাঈম ৫, কাপুগেদারা ৩, তাসামুল ৩৪, ফরহাদ ১৫, রাসেল ০, সাজু ৩, চিন্থাকা ২*; বীরাকুন ০/৩১, শরীফ ০/১৪, মনির ২/২৭, মিলিন্দা ২/৩৩, নাসির ৩/২১, এনামুল ৩/২০)। ফল: ভিক্টোরিয়া ৮৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শালিকা করুনানায়েকে (ভিক্টোরিয়া)।
 সিসিএস: ৫০ ওভারে ২৫৫/৭ (উত্তম ৪, অমিত ৩৭, আসিফ ১৪, সালমান ৭৩, রুপাসিঙ্গে ৫৫, নাজমুল মিলন ১৩, নুরুল হাসান ১৯*, পারাবাতানি ৩, তুষারা ২০*; রুবেল ২/৪৫, বীরারত্নে ০/২৭, আরাফাত সানি ৩/৫০, উসমান ০/৪২, নাঈম জুনিয়র ১/৪৪, নূর হোসেন ০/১৯, স্টাইরিস ১/২১)। গাজী ট্যাংক: ৪৯.১ ওভারে ২৫৯/৫ (উসমান ৫, ইমরুল ৫৪, আফতাব ৭, স্টাইরিস ১০২, রকিবুল ৫৮*, বীরারত্নে ০, হামিদুল ২৩*; তুষারা ১/৪৯, আসিফ ২/৪৭, বিশ্বনাথ ০/৫০, ইমামুল ০/৩৫, পারাবাতানি ১/৫৩, নাজমুল ১/২৪)। ফল: গাজী ট্যাংক ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: স্কট স্টাইরিস (গাজী ট্যাংক)।
 প্রাইম ব্যাংক: ৪৮.৫ ওভারে ১৮২ (সৈকত ৫২, জিয়া ২, টেলর ১২, থিরিমান্নে ৫১, মাহমুদুল ২, জীবন ২, তাইবুর ৩৪, ফরিদউদ্দিন ১৬, তাপস বৈশ্য ১, এনামুল জুনিয়র ০, রহমান ১; ফার্নান্ডো ১/৩৪, ফরহাদ ২/২৩, সোহাগ ৩/২৯, সামপাথ ৩/৩৪, তাইজুল ০/৩৫, সাব্বির ১/২৩)। প্রাইম দোলেশ্বর: ৪৫.৪ ওভারে ১৮৩/৫ (রবিউল ১২, মেহেদী ৩১, সাব্বির ০, মমিনুল ২১, শিভাঙ্কা ৬৩*, সামপাথ ৩৪, ফরহাদ ১৪*; তাপস ১/৩৩, রহমান ১/২৯, ফরিদউদ্দিন ১/১০, জীবন ০/৩৬, এনামুল জুনিয়র ২/৪২, তাইবুর ০/২২, মাহমুদুল ০/৬)। ফল: প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: তিলকারত্নে সামপাথ (প্রাইম দোলেশ্বর)।