দোলেশ্বরের দোলা!
আবাহনীর দলবদল শেষ। সঙ্গে সঙ্গে সাংবাদিকেরা ছুটলেন মোহামেডান ক্লাবের উদ্দেশে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রবেশপথে প্রাইম দোলেশ্বর দলের কর্মকর্তাদের সঙ্গে দেখা। এক ভদ্রলোক আফসোস করে বললেন, ‘আমাদের আসতে দেরি হয়ে গেল। এত ভালো দল করলাম অথচ আপনাদের পেলাম না।’নতুন এ দলটির কর্মকর্তারা আফসোস করতেই পারেন। মোহামেডান কাল আগে থেকেই জানা সাকিবকে সই করাল, আবাহনী দলে ভেরাল মাহমুদউল্লাহ, মাহবুবুল আলম, তাপস বৈশ্য, হান্নান সরকার, মার্শাল আইয়ুবদের। কিন্তু দলের বিবেচনায় দিনের অন্যতম আকর্ষণ ছিল নিশ্চয়ই দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ হয়ে প্রিমিয়ার আসা এই প্রাইম দোলেশ্বর।জাতীয় দলের রুবেল হোসেন, নাজমুল হোসেন, নাদিফ চৌধুরীদের দলে ভেরাল তারা; দলে আনল ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ইমরান আহমেদ, আরাফাত সালাউদ্দিন, উত্তর সরকারদের। সব মিলিয়ে মাঝারি শক্তির এ দলটি শিরোপার জন্য না লড়তে পারলেও বড় দলগুলোর বিপদের কারণ হওয়ার জন্য যথেষ্ট হতে পারে বৈকি!মাঝে বেশ পরাশক্তি হয়ে ওঠা গাজী ট্যাংক ক্রিকেটার্সও দলবদল সারল কাল। শাহরিয়ার নাফীস, নাঈম ইসলামরা দলেই আছেন; সঙ্গে পুলের পেসার সৈয়দ রাসেলকে সিসিএস থেকে দলে আনল কাল গাজী ট্যাংক।দল নিয়ে কথা বলতে গিয়ে সৈয়দ রাসেল লড়াইয়ের আশাই করছেন, ‘এবার একটু তরুণ দল করেছে গাজী ট্যাংক। কিন্তু সবাই খুব ভালো পারফর্মার। এদের নিয়ে ভালো লড়াই করার আশা করা যায়।’অবশ্য এসব দলের কথা লিখলে তো আর দলবদলের গল্প হয় না! সেটা বলতে দরকার আবাহনী-মোহামেডান। মোহামেডান যেহেতু তাদের ক্লাবেই দলবদল সারল, তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামের আকর্ষণ ছিল আবাহনী। আবাহনীর বড় তারকা মাশরাফি বিন মুর্তজা বা মোহাম্মদ রফিক ‘ঘরের ছেলে’ ঘরেই থেকে গেলেন, তাই দলবদলে আসার দরকার হলো না। যাঁরা এলেন, তাঁদের মধ্যে আলো বেশি কাড়লেন মাহমুদউল্লাহ।জাতীয় দলের এই অলরাউন্ডার বলছেন, শিরোপার লড়াই করতেই এসেছেন তিনি আবাহনীতে, ‘গত মৌসুমে মোহামেডানে খেলেছি। শিরোপা কীভাবে জিততে হয়, সে অভিজ্ঞতা আছে। আর আবাহনী সব সময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল করে। এবার দারুণ ব্যালান্সড দল হয়েছে। আমার হিসাবে এক নম্বর দল। শিরোপা ছাড়া আর কোনো কিছুতেই আমরা সন্তুষ্ট হব না।’