দোষ স্বীকার করে নিলেন চাভান
পুলিশের জিজ্ঞাসাবাদে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করে নিয়েছেন অঙ্কিত চাভান। তবে রাজস্থান রয়্যালসের অন্য দুই ভারতীয় ক্রিকেটার শ্রীশান্ত ও অজিত চান্ডিলা এখন পর্যন্ত নিজেদের দোষ স্বীকার করেননি।দিল্লি পুলিশের একজন কর্মকর্তা আজ শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, অভিযুক্ত ক্রিকেটারদের একজন অঙ্কিত চাভান নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে তাঁর ভুল হয়েছে।স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দিল্লি পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে শ্রীশান্ত, চান্ডিলা ও চাভানকে গ্রেপ্তার করে। দুপুরেই তিন ক্রিকেটারকে বহিষ্কার করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৯ জুয়াড়িকে।দিল্লি পুলিশ জানায়, গতকাল তিন ক্রিকেটারকে মুম্বাই থেকে দিল্লিতে আনার পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়া হয়। দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বিশেষ দল তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।দিল্লি পুলিশের দাবি, ৫ মে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিং করেন পেসার শ্রীশান্ত। ‘রহস্য’ বোলার চান্ডিলা করেছেন ৯ মে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে। আর বাঁহাতি স্পিনার চাভান স্পট ফিক্সিং করেন গত পরশু মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে।দিল্লি পুলিশের লক্ষ্য ছিল অপরাধজগতের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র খোঁজা। এ জন্য তারা জুয়াড়িদের ফোনে আড়ি পাতে। জুয়াড়িদের আড়িপাতা ফোনে তিন ক্রিকেটারের ঘন ঘন ফোনালাপ থেকেই স্পট ফিক্সিং সন্দেহের সূত্রপাত। সেই সূত্র থেকে মিলেছে তাঁদের জড়িত থাকার প্রমাণ। পুলিশের কাছে শত শত ঘণ্টা ফোনালাপের রেকর্ড রয়েছে। গত এপ্রিল থেকে অনুসরণ করা হলেও নিশ্চিত প্রমাণের জন্য অপেক্ষা করা হয়েছে এত দিন। পুরো প্রক্রিয়া এতটাই গোপন রাখা হয়েছিল যে গ্রেপ্তারের আগে পর্যন্ত মুম্বাই পুলিশকেও কিছু জানানো হয়নি।চাভানের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেন অজিত চান্ডিলা। চাভান ও জুয়াড়িদের মধ্যে যোগসূত্র ছিলেন তিনিই। ৬০ লাখ রুপির চুক্তি ছিল চান্ডিলার সঙ্গে। চাভানকে বলা হয়েছিল দ্বিতীয় ওভারে কমপক্ষে ১৩ রান দিতে। প্রথম ওভারে মাত্র ২ রান দিলেও পরের ওভারের প্রথম তিন বলেই ১৪ রান দেন তিনি। পরের তিন বলে লাইন-লেংথ ঠিক রেখে দেন মাত্র ১ রান। চান্ডিলা সারা দিন চাভানকে বুঝিয়েছেন স্পট ফিক্সিংয়ে রাজি করাতে। ‘১৩ রান অনেক বেশি’ বলে প্রথমে রাজি হননি চাভান, কিন্তু চান্ডিলা একপর্যায়ে রাজি করিয়ে ফেলেন। ওভারে চাভানের সংকেত ছিল হাতের কবজি ঘোরানো। ওই ওভারের পর মনন নামের এক জুয়াড়িকে চান্ডিলা বলেন, ‘এবার খুশি?’ জুয়াড়ির উত্তর, ‘হ্যাঁ।’ টাকাটা সরাসরি চাভানকে না দিয়ে তাঁর মাধ্যমে দিতে বলেন চান্ডিলা।