ঢাকায় মেসিদের ম্যাচ আয়োজন নিয়ে এখন শুধু দোষারোপের খেলা চলছে। প্রস্তুতি কাজে ভজকট বাধায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন দোষ দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদকে। আবার ক্রীড়া পরিষদ সব দায় চাপাচ্ছে বাফুফের ওপর।মূলত অনুশীলন মাঠ নিয়েই যত কথা এখন। ক্রীড়া পরিষদের পরিচালক আবদুর রহমান কাল অবশ্য স্বীকার করেছেন, ‘ফতুল্লা স্টেডিয়াম নেওয়ার জন্য আমরা ক্রিকেট বোর্ডকে কোনো চিঠি দিইনি।’ ক্রিকেট বোর্ড আগেই বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দেয়, মেসিদের অনুশীলনের জন্য ফতুল্লা স্টেডিয়াম দেওয়া সম্ভব নয়। তার মানে, ফতুল্লা নেওয়ার জন্য ক্রীড়া পরিষদ কোনো চেষ্টাই করেনি। কিন্তু বাফুফেকে আশার বাণী শুনিয়ে এসেছে।রহমান দাবি করেছেন, বাফুফের অসহযোগিতার জন্যই নাকি ক্রীড়া পরিষদ সংস্কারকাজটা ঠিকভাবে করতে পারেনি। প্রশ্ন আসছে, তাহলে দুই দিন আগে রহমান কীভাবে বলেছিলেন ফতুল্লা স্টেডিয়াম সংস্কার করে দেবেন। এসব প্রশ্ন এলে তারা ওটা-ওটা বুঝিয়ে দোষ চাপিয়ে দেন বাফুফের ওপর। যদি অনুশীলন বা অন্য সংস্কারকাজের জন্য কোনো কেলেঙ্কারি হয়, তাহলে সেটির দায় নেবে কে? এবার রহমান নীরবই রইলেন।বাফুফেও এক অদ্ভুত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ক্রিকেট বোর্ড ফতুল্লা স্টেডিয়াম দিতে পারবে না, এটা বেশ আগেই চিঠি দিয়ে বাফুফেকে জানালেও তারা চুপচাপ ছিল। বরং সংবাদমাধ্যমসহ সবাইকে বলা হয়েছে, মেসিরা ফতুল্লায় অনুশীলন করবেন। এখন ক্রিকেট বোর্ড হাটে হাঁড়ি ভাঙায় চৈতন্যোদয় হয়েছে বাফুফের। এ ব্যাপারে কাল বাফুফের সহসভাপতি বাদল রায় বলেছেন, ‘বিসিবি না করার পর আমরা ক্রীড়া পরিষদকে জানিয়েছিলাম। পরিষদ ফতুল্লায় অনুশীলনের ব্যবস্থা করে দেবে বলেছিল।’দোষ যারই হোক, তথ্য গোপনের একটা প্রবণতা বাফুফের মধ্যে দেখা যাচ্ছে। নিজেদের মধ্যে কোনো সমন্বয় নেই। একেক কর্তা একেক কথা বলেন।তাই শেষ মুহূর্তে অনুশীলন মাঠ হিসেবে ভরসা মানা হচ্ছে কমলাপুর স্টেডিয়ামকে, যেটি অনেক সময় বয়সভিত্তিক ফুটবলেরও অনুপযোগী থাকে!