দেশ থেকে অনেক দূরে আছেন। তাও কি দূরে থাকা যায়? দেশ তো থাকে তাঁদের মতো প্রবাসীদের হৃদয়ে। সব সময়ই দেশের খোঁজ খবর রাখেন। আর সেই খবর রাখতে গিয়েই সাম্প্রতিক সময়ে যা কিছু ঘটল, তাতে ভীষণই ব্যথিত গোলাম নওশের (প্রিন্স)। বাংলাদেশের ক্রিকেটও বাজিকরদের নখে ক্ষত-বিক্ষত হয়েছে জানার পর ভীষণ ক্ষুব্ধও জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার ও সাবেক জাতীয় নির্বাচক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তিনি। বলেছেন, একজনকেও ছাড় দেওয়া হলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য তা বাজে উদাহরণ হয়ে থাকবে।নওশের বর্তমানে যুক্তরাষ্ট্র-প্রবাসী। একটা সময় ছিল যখন নওশের ছাড়া জাতীয় ক্রিকেট দল কল্পনাই করা যেত না। দেশের প্রথম একদিনের ম্যাচে মাঠে নামা নওশের অবশ্য এক দিক দিয়ে খুশি দেশের ক্রিকেটের এই অন্ধকার গলি-ঘুপচিতে আলো পড়ায়। না জানলে যে ক্ষতটা দিনকে দিন বেড়েই যেত অগোচরে।প্রথম আলো ডটকমের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন, ‘আমি খুশি ব্যাপারটা এখনই প্রকাশিত হয়ে পড়ায়। যারা সত্যি সত্যিই অপরাধের সঙ্গে নিজেদের জড়িয়েছে, তাদের শাস্তি হলে, সেটা দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ তৈরি করবে। কিন্তু আজ থেকে পাঁচ বছর পর ব্যাপারটা প্রকাশিত হলে তা ক্রিকেটের আরও অনেক ক্ষতি করে ফেলত।’বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মোহাম্মদ আশরাফুল। আইসিসির দুর্নীতি-দমন বিভাগ (আকসু) এ নিয়ে তদন্তও করছে। আশরাফুল এ ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত জেনে আরও অনেকের মতো বিস্মিত তিনিও, ‘আশরাফুলকে অনেক ছোটবেলা থেকেই চিনি। ওকে অনেক আদর করি। জাতীয় দলের নির্বাচক থাকার সময় খুব কাছ থেকে ওকে দেখেছি। আশরাফুল যা করেছে, তা আমার জন্য সত্যিই মর্মন্তুদ। কিন্তু, বিষয়টির সুরাহা হতেই হবে। অপরাধ যখন আশরাফুল করেছে, তাকে শাস্তি পেতেই হবে।’আশরাফুল নিজের স্বীকারোক্তিতে যাঁদের কথা উল্লেখ করেছে, তাদেরও দ্রুত তদন্তের আওতায় আনা উচিত বলে মনে করেন গোলাম নওশের। তিনি বলেন, ‘ম্যাচ ফিক্সিং কখনোই কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়ের পক্ষে সম্ভব নয়। আশরাফুলের সঙ্গে আরও অনেকেই আছে, যাঁদের খুঁজে বের করা এখন বিসিবি ও আকসুর দায়িত্ব।’মাথা ব্যথার জন্য যেমন মাথা কেটে ফেলা যায় না, ঠিক তেমনি অজস্র সমস্যার পরেও ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিপিএল বন্ধ করার পক্ষে নন গোলাম নওশের। তিনি বলেন, ‘বিপিএলের জন্য ঢাকার ক্লাব ক্রিকেট হবে না, এটি মানতে পারি না। তবে বিপিএল বন্ধ করে দিতে হবে—এমন বক্তব্যও আমি সমর্থন করতে পারি না।’নিজের বক্তব্যের ব্যাখা দিয়ে গোলাম নওশের বলেন, ‘বিপিএল যে একেবারেই কাজে আসেনি, একথা বলব না। বিপিএলে আন্তর্জাতিক ক্রিকেটের পরিবেশ পায় কখনোই সে পর্যায়ে না খেলা আমাদের অনেক তরুণ খেলোয়াড়। বিপিএল তরুণ খেলোয়াড়দের টেম্পারামেন্টে অনেক পরিবর্তন এনেছে। এই প্রতিযোগিতাটি কলঙ্কিত হয়েছে নানা কারণে, ম্যাচ পাতানোর মতো গুরুতর অভিযোগ এই প্রতিযোগিতার নামে, কিন্তু তারপরেও এসব সমস্যা কাটিয়ে উঠে, কলঙ্কমুক্ত করেই বিপিএল মাঠে রাখা উচিত।’নওশের বলেন, ‘আমি কিছুতেই বুঝতে পারি না, যে ক্লাব ক্রিকেট আমাদের ক্রিকেটকে এই পর্যায়ে নিয়ে এসেছে, যে ক্লাব ক্রিকেট আমাদের ক্রিকেটের ভিত গড়ে দিয়েছে, ইদানিং সেই ক্লাব ক্রিকেট আয়োজনে কর্মকর্তাদের এত গড়িমসি কেন! বিপিএল যদি বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের মান বাড়াতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই ক্লাব ক্রিকেট একদিনের ক্রিকেটে আমাদের ভালো দল হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে।’ক্লাব ক্রিকেট আরও নিয়মিত করারও আহ্বান জানান তিনি, ‘দেশের খেলাধুলায় আবাহনী, মোহামেডান, ব্রাদার্স একেকটি ব্র্যান্ড। দেশের শীর্ষ ক্লাবগুলোর বিশাল সমর্থকগোষ্ঠী সারাদেশেই ছড়িয়ে-ছিটিয়ে আছে। ক্রিকেট বোর্ডের উচিত এই বিশাল সমর্থকগোষ্ঠীর আবেগকে ব্যবহার করা। ক্লাব ক্রিকেট নিয়মিত মাঠে গড়াবে না—ব্যাপারটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’