বাংলাদেশকে জিততে হবে, ড্র দিয়ে কিছু হবে না

কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে বাংলাদেশ দল খেলবে তিনটি ম্যাচ। ৩ জুন প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। দুবাইয়ে প্রস্তুতি ক্যাম্প শেষ করে এ ম্যাচের জন্য কাতার রওনা হওয়ার আগে হোয়াটসঅ্যাপে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচ আনুশ দস্তগির—

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

প্রশ্ন: গত মঙ্গলবার ইন্দোনেশিয়াকে ৩-২ গোলে হারানোর পর কাল (শনিবার) সিঙ্গাপুরের বিপক্ষে ১-১ গোলে ড্র। বাছাইপর্বের আগে প্রস্তুতিটা তো ভালোই হলো আপনাদের...

আনুশ দস্তগির: হ্যাঁ, প্রস্তুতি খুব ভালো হয়েছে। দুবাইয়ে ১০ দিনের ক্যাম্পে দুটি প্রীতি ম্যাচ খেলেছি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাও জেতা উচিত ছিল। কিন্তু আমরা তাদের গোলটা উপহার দিয়েছি। কেউ যেন চোটে না পড়ে সে জন্য খেলোয়াড়দের অদল–বদল করে খেলিয়েছি। ওরা এখন বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত।

বাস্তবতা হলো বাংলাদেশকে জিততে হবে। ড্র দিয়ে তাদের কিছু হবে না। আর জিততে হলে প্রতিপক্ষের সীমানায় আসতেই হবে। আবার আমরাও চাই ম্যাচটা জিততে। সুতরাং ভালো একটি ম্যাচই হবে।
আনুশ দস্তগির, আফগানিস্তানের কোচ

প্রশ্ন :

প্রশ্ন: প্রথম পর্বে দুশানবেতে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিলেন। ৩ জুন কী আশা করছেন?

দস্তগির: দোহার ম্যাচটি হবে অন্য রকম। বাংলাদেশ পাল্টা আক্রমণে ভালো। আমরাও সে ব্যাপারে সতর্ক আছি। আমরা বলের দখলে এগিয়ে থাকব সত্যি, তবে তার অর্থ এই নই যে আমরা বাংলাদেশের চেয়ে ভালো দল। বাছাইপর্বে বাংলাদেশের একটি জয় প্রয়োজন। সুতরাং তারা হাই প্রেসিং করে খেলার চেষ্টা করবে। এতে বাংলাদেশের রক্ষণভাগের পেছনে অনেক ফাঁকা জায়গা তৈরি হবে। সে সুযোগ কাজে লাগানোর জন্য দ্রুতগতিসম্পন্ন উইঙ্গার আছে আমাদের। কাতারের মাঠও অনেক বড়। সুতরাং বাংলাদেশের হাই প্রেসিংয়ের বিপক্ষে আক্রমণে যাওয়ার জন্য অনেক জায়গা পাওয়া যাবে।

প্রথমপর্বে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ
ফাইল ছবি

প্রশ্ন :

প্রশ্ন: আপনার সাক্ষাৎকারটি পত্রিকায় ছাপা হওয়ার পর হয়তো বাংলাদেশ দলের কোচের কানে পৌঁছে যাবে কথাগুলো। আপনি কি কৌশলে একটা মনস্তাত্ত্বিক লড়াই–ই শুরু করতে চাচ্ছেন?

দস্তগির: কথা দিয়ে নয়, যোগ্যতা দিয়েই জিততে হবে। একজন কোচ কখনোই অন্য কোচের কথা শুনে তাঁর পরিকল্পনা পরিবর্তন করেন না। সব ভালো কোচেরই নিজস্ব পরিকল্পনা থাকে। বাস্তবতা হলো বাংলাদেশকে জিততে হবে। ড্র দিয়ে তাদের কিছু হবে না। আর জিততে হলে প্রতিপক্ষের সীমানায় আসতেই হবে। আবার আমরাও চাই ম্যাচটা জিততে। সুতরাং ভালো একটি ম্যাচই হবে।

প্রশ্ন :

প্রশ্ন: আবাহনীর সেন্টারব্যাক মাসিহ সাইগানিকে চার বছর পর হঠাৎ জাতীয় দলে ফেরানোটা কি বাংলাদেশে খেলার অভিজ্ঞতার জন্যই?

দস্তগির: না, তা নয়। পর্যাপ্ত খেলোয়াড় না থাকার জন্যই তাঁকে নেওয়া। তবে আমি জানি ওখানে (বাংলাদেশে) সে খুব ভালো খেলেছে।

দোহায় আফগানিস্তানকে হারাতে চায় বাংলাদেশ
ছবি: এএফপি

প্রশ্ন :

প্রশ্ন: প্রথম পর্বের তুলনায় আফগানিস্তান দলটা এখন ভারসাম্যপূর্ণ। পরিবর্তনগুলো নিয়ে কী বলবেন?

দস্তগির: আগের ম্যাচ থেকে পরিবর্তন আছে ছয়টি। নতুন মুখ দুজন আর পুরোনো চারজন ফিরেছেন। ২৬ সদস্যের দলে আফগানিস্তানে বসবাস করে ও খেলে, এমন খেলোয়াড় আছে মাত্র ৩ জন। দুজন খেলে ভারতে ও দুজন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় খেলা খেলোয়াড় আছে একজন করে। বাকি ১৫ জনও ইউরোপের বিভিন্ন পর্যায়ে খেলছে।

প্রশ্ন :

প্রশ্ন: বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে–ছিটিয়ে থাকা ফুটবলারদের নিয়ে দলটা গোছালেন কীভাবে?

দস্তগির: আগে আফগানিস্তান দলের জন্য ইউরোপে ট্রায়াল হতো। আমি কোচের দায়িত্ব নেওয়ার পর ইউরোপে খেলা আফগান বংশোদ্ভূতদের খেলা দেখে ফুটবলার বাছাই করা শুরু করি। এমন খেলোয়াড় খুঁজেছি, যারা প্রথমবারের মতো আফগানিস্তানকে এশিয়ান কাপে নিয়ে যেতে পারবে। এ ছাড়া অন্যান্য দেশে খেলা খেলোয়াড়দের খোঁজখবরও আমি নিয়মিত রাখি।

প্রশ্ন :

প্রশ্ন: মাত্র ২৮ বছর বয়সে আপনার আফগানিস্তান জাতীয় দলে কোচের দায়িত্ব পাওয়ার পেছনে নাকি বাংলাদেশের সাবেক কোচ অটো ফিস্টারের অবদান আছে!

দস্তগির: আফগানিস্তান দলে আমি অটো ফিস্টারের সহকারী ছিলাম। ২০১৮ সালে তিনি বিদায় নেওয়ার সময় ফুটবল ফেডারেশনকে পরামর্শ দেন আমাকে যেন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। সে কারণেই আমি মাত্র ২৮ বছর বয়সে প্রধান কোচের দায়িত্ব পেয়ে যাই।