দোহায় গ্যাটলিনের হুংকার
অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার দুই বছর পর হলেন ডোপপাপী। নিষিদ্ধ হলেন চার বছরের জন্য। হতাশার অতলে ডুবে যাওয়া ২০০৪ এথেন্স অলিম্পিকের দ্রুততম মানব জাস্টিন গ্যাটলিন একেবারে ছেড়েই দিতে চেয়েছিলেন অ্যাথলেটিকস। ঠিক করছিলেন আমেরিকান ফুটবলে ক্যারিয়ার গড়বেন। ভাগ্যিস শুধু চিন্তাভাবনাই করেছিলেন, ট্র্যাক ছাড়েননি! ২০১০ সালে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আবারও ফিরলেন নিজ ভুবনে। ধীরে ধীরে ফিরে পেতে লাগলেন নিজেকে। আর পরশু তো ৯.৮৭ সেকেন্ডে দোহা ডায়মন্ড লিগের ১০০ মিটার জিতে হুঁশিয়ার করে দিলেন উসাইন বোল্টদের।পরশুই ১৪ মিটের ডায়মন্ড লিগের প্রথমটি শুরু হয়েছে কাতারের রাজধানী দোহায়। এখানে ছিলেন না উসাইন বোল্ট ও ইয়োহান ব্লেক। তবে বোল্টের জ্যামাইকান সতীর্থ সাবেক বিশ্ব রেকর্ডের মালিক আসাফা পাওয়েল ছিলেন। পাওয়েল-গ্যাটলিন দ্বৈরথ জমেছিলও বেশ। সেকেন্ডের ১ শতাংশের জন্যই আলাদা করা গেছে দুজনকে। দৌড়ের শুরুতে পাওয়েল এগিয়ে থাকলেও দুর্দান্ত ফিনিশিংয়ে তাঁকে পেছনে ফেলেন গ্যাটলিন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর মার্কিন স্প্রিন্টারের এটাই সেরা সময়। জয়ের পর উদ্ধত গ্যাটলিনের কণ্ঠ, ‘আমি চাই, সবাই জানুক গ্যাটলিন ফিরে এসেছে। চাই অলিম্পিক শিরোপাটাও।’গ্যাটলিনের প্রত্যাবর্তনে লন্ডন অলিম্পিকে জ্যামাইকার সঙ্গে যুক্তরাষ্ট্রের দারুণ একটি লড়াইয়ের সম্ভাবনা জাগল। বোল্ট, ব্লেক ও পাওয়েলের দিকে ইঙ্গিত করে বললেন, ‘জ্যামাইকানরা ভালো একটা দল পেয়েছে। সুতরাং এখন আমাদেরও ওটা করতে হবে। তবে যুক্তরাষ্ট্রের সব সময়ই ভালো দৌড়বিদ ছিল। টাইসন গে আছে, ওয়াল্টার ডিক্স আছে আর আছি আমি। আমি ফিরে এসেছি!’এরপর সরাসরিই যেন হুমকি দিলেন উসাইন বোল্টকে, ‘সবাই ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়। তারা গত কয়েক বছর উসাইন বোল্ট শো দেখেছে। এখন তারা মিক্সড জোনে অন্য কাউকে দেখতে চায়। ওখানে যেতে আমার ভালোই লাগবে।’সেই ১৯ বছর বয়সে শুরু পেশাদার ক্যারিয়ার। তবে এবার ৩০ বছর বয়সে এসেই পেলেন সবচেয়ে ভালো সূচনাটা। মাঝে দেখেছেন উত্থান-পতন, কান্না-হাসি। ফিরে আসার পর শুনেছেন দর্শক-বিদ্রূপও। আর এসব মিলিয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ভুবনটাকে পরশু তুলনা করলেন ‘সোপ অপেরার’ সঙ্গে। এএফপি।