দৌড় ছেড়ে ফুটবলে আসবেন বোল্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে ১০০ মিটার দৌড় জিতলেন উসাইন বোল্ট। ছবি: এএফপি
রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে ১০০ মিটার দৌড় জিতলেন উসাইন বোল্ট। ছবি: এএফপি

২০১৭ সালেই অ্যাথলেটিকসের ট্র্যাককে বিদায় বলবেন উসাইন বোল্ট—তথ্যটা আগেই জানা। কিন্তু নতুন যে তথ্য তাঁর মুখ থেকে বেরিয়েছে তা চমক-জাগানিয়াই। ফুটবল খেলাটা বোল্ট ভালোবাসেন প্রচণ্ড। কিন্তু অ্যাথলেটিকস ছাড়ার পর তিনি ফুটবলকে পেশা হিসেবে নেবেন, ব্যাপারটা কিন্তু একটু অন্য মাত্রারই।
বোল্ট ঠিক এটাই বলেছেন, অ্যাথলেটিকস থেকে অবসর নিয়ে তিনি ফুটবল খেলাটাকে পেশা হিসেবে নিতে চান। নিজের ভবিষ্যতের এই সিদ্ধান্তটি তিনি সবাইকে জানিয়েছেন ফুটবলের চারণভূমিতে গিয়েই। ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতে এক প্রদর্শনী দৌড়ে অংশ নিয়ে তিনি নিজের ভবিষ্যত্ পরিকল্পনাটি চাউর করেছেন।
রিও অলিম্পিক শুরুর দুই বছর আগেই শহরটিতে পা রাখলেন বোল্ট। ‘মানো আ মানো’ শিরোনামের ওই ১০০ মিটার দৌড়ে তিনি জিততে সময় নিয়েছেন ১০.০৬ সেকেন্ড। হাল্কা মেজাজে দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ব্রিটিশ স্প্রিন্টার মার্ক লুইস ফ্রান্সিস, যুক্তরাষ্ট্রের ওয়ালেস স্পিয়ারম্যান ও ব্রাজিলের জেফারসন লিবের্তো লুসিন্দোকে। দৌড় শেষে বলেছেন, ‘রিও অলিম্পিকের জন্য মুখিয়ে আছি। ব্রাজিলকে খুব মনোযোগ দিয়ে অনুভব করার চেষ্টা করেছি গত বিশ্বকাপের সময়। বিশ্বকাপ আয়োজনে তারা দারুণ সফল। অলিম্পিকটাও বিশ্বকাপের মতোই সফল হবে আশা করি।’ সূত্র: এএফপি।