দৌড়বিদ তৈরির কারখানা কেনিয়া
টরমি টরিক হন্তদন্ত হয়ে নেহরু স্টেডিয়ামের দিকে ছুটছিলেন। মেয়েদের ১০ হাজার মিটার দৌড় শুরু হয়ে গেল বলে।কেনিয়ার সিটিজেন টিভির প্রতিবেদক এই ইভেন্ট ‘মিস’ করতে চাননি। তাঁর দেশই ইভেন্টের সোনা জিতবে নিশ্চিতই ছিলেন মোটামুটি। ব্যতিক্রম কিছু হয়ওনি। কেনিয়ার ঘরেই গেল সোনা।মহিলা ৩ হাজার ও ১০ হাজার মিটার, মহিলা ৮০০ মিটার, মহিলা ১৫০০ মিটার, পুরুষ ৮০০ মিটার এবং ৪০০ মিটার পুরুষ দৌড়ে সোনা—‘মাঝারি ও দূরপাল্লার দৌড়ের দেশ’ তাদের ঐতিহ্য ধরে রাখছে নয়াদিল্লিতেও।কেনিয়ানরা প্রচুর হাঁটে। হাঁটতে হাঁটতে তাদের পায়ের পেশি শক্ত হয় ছোটবেলা থেকে। শহরের মানুষ গাড়ি-ঘোড়ায় বেশি চলাফেরা করে, গ্রামাঞ্চলে সেই সুবিধা কম। প্রতিদিন গ্রামের একেকজন কেনিয়ান অন্তত ২০ কিলোমিটার হাঁটে।কেনিয়ার দূরপাল্লার দৌড়ের ঐতিহ্য নিয়ে বলছিলেন কমনওয়েলথ গেমসে দলটির অ্যাথলেটিকস কর্মকর্তা জেরম ইয়ার্দি, ‘ভারত যেমন ক্রিকেটের দেশ, কেনিয়াকে বলা যায় দৌড়বিদ তৈরির দেশ। এটাই আমাদের পরিচয়। এ জন্য সত্যিই আমরা গর্বিত।’‘দৌড়বিদ তৈরির দেশ’ কথাটা বেশ কৌতূহল জাগায়। পুরুষ ৪০০ মিটারের সোনা ১৬ বছর পর পুনরুদ্ধার করে নিজেদের শ্রেষ্ঠত্ব আবার যেন প্রমাণ করল কেনিয়া। টরমি টরিকের মুখে পরিতৃপ্তির হাসি, ‘৪০০ মিটার অনেক দিন জিততে না পারায় আমাদের একটা হতাশা ছিল। এবার সেটা দূর হয়েছে।’যাঁর হাত ধরে ৪০০ মিটারের সোনা এল, সেই মাভিল মুটিন কাল গেমস-পল্লির আন্তর্জাতিক জোনে বলছিলেন, ‘কেনিয়ায় অ্যাথলেটিকস খুব জনপ্রিয়। স্কুল থেকেই শুরু হয় হাতেখড়ি। অ্যাথলেটিকস ট্র্যাক আছে সব জায়গায়, অন্তত ৫০টির ওপর তো হবেই।’উসাইন বোল্ট আসাফা পাওয়েলদের জ্যামাইকার পরিচিতি স্প্রিন্টারের দেশ হিসেবে। তবে ২০০ মিটারের সোনা কাল জিতে নিয়েছে ইংল্যান্ড (একজন কৃষ্ণাঙ্গ) দ্বিতীয় স্থানটা নিয়েই খুশি থাকতে হলো জ্যামাইকাকে। জ্যামাইকা দলের তত্ত্বাবধায়ক বার্নার্ড ট্রটির মুখের ছিল রাজ্যের আঁধার, ‘২০০ মিটার জিততে পারলাম না। এটা আমাদের জন্য অবশ্যই কষ্টের।’আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়ার উপস্থিতিই সবচেয়ে উজ্জ্বল। গত সন্ধ্যা পর্যন্ত ৮টি সোনা জেতার পর তাদের লক্ষ্য আরও সামনে এগোনো। ট্র্যাক তো আছেই, অন্য খেলাও নাইজেরিয়া বেশ ভালো করছে। নাইজেরিয়ার দলীয় মুখপাত্র এডওয়ার্ড বার্ড কাল সন্ধ্যায় বলছিলেন, ‘নাইজেরিয়ার ইতিহাসে এটি সেরা কমনওয়েলথ গেমস। আমরা দারুণ খুশি।’কেনিয়া ও নাইজেরিয়ার সাফল্য চোখে পড়ার মতো। তবে আফ্রিকার সব দেশ সমান ভালো করছে না। ঘানার যেমন পাত্তাই নেই। ঘানাইয়ানরা ফুটবল বিশ্বকাপ খেলে। তবে কেনিয়া যেভাবে ‘দূরপাল্লার দৌড়ের দেশ’ হয়ে উঠছে ভবিষ্যতে তাদের প্রাধান্য খর্ব করা অন্যদের পক্ষে প্রায় অসম্ভব!