দৌড়া, বাঘ আইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন হলেও কথা ছিল, কিন্তু খোদ রাজধানীতে বাঘের ভয়, তাও স্টেডিয়ামে! বিশাল এক ব্যানার হাতে তাঁরা দাঁড়িয়ে, যাতে লেখা ‘দৌড়া, বাঘ আইল!’ মিরপুর স্টেডিয়ামে সবাইকে বাঘের ভয় দেখানো এঁরা কারা?নিজেরা পরিচয় দিলেন, ‘আমরা বাংলাদেশের বার্মি-আর্মি।’ কিন্তু বার্মি-আর্মি শুনলেই তো একটা নেতিবাচক ভাবনা আসে। সমর্থক গোষ্ঠী হিসেবে একই সঙ্গে সবচেয়ে বিখ্যাত এবং কুখ্যাত যে তারাই! বিশ্ব ঘুরে খেলা দেখার পাশাপাশি উচ্ছৃঙ্খল হিসেবেও তারা ‘নাম’ কামিয়েছে।এই ভাবনা তো আছেই, আরও ভয় ঢুকছে তাঁদের কাণ্ড-কীর্তি দেখে। একটা বোতলে পানি ভরে শক্ত করে মুখটা আটকাতে ব্যস্ত দুজন। চোখে ভাসছিল কিছুদিন আগে সাফ ফুটবলের ফাইনাল শেষের দৃশ্য, মাঠে উড়ে আসছে অসংখ্য পানিভর্তি বোতল। তবে কি...?না, গ্যালারির দেয়ালে ঝোলানো ব্যানারটা যাতে বারবার বাতাসে উড়ে না যায় তাই পানিভর্তি বোতল বেঁধে দেওয়া। একটু আশ্বস্ত হয়ে বার্মি-আর্মি নিয়ে মনের কথা বলে ফেলা গেল। সবাই একসঙ্গে বলে উঠলেন, ‘আরে না, না...আমরা সে রকম না। আমরা পজিটিভ বার্মি-আর্মি।’ পজিটিভ বার্মি-আর্মি আবার কী জিনিস? ‘আমরা ওদের মতো গণ্ডগোল করি না। শুধু বাংলাদেশ দলকে অকুণ্ঠ সমর্থন দিই। বার্মি-আর্মি যেমন একটা ব্র্যান্ডমতো হয়ে গেছে, আমরাও চাই বাংলাদেশ দলের সমর্থক গোষ্ঠী হিসেবে সবার আগে আমাদের নাম আসুক।’ওঁরা মানে ২০-২৫ জন। তাঁদের গ্রুপের নামই ‘দৌড়া, বাঘ আইল।’ মূল কাজ ঢাকায় বাংলাদেশের সব খেলা দেখা আর বাংলাদেশ দলকে সমর্থন দেওয়া। গত জানুয়ারির ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে শুরু, এরপর ঢাকায় হওয়া সব ম্যাচ দেখেছেন। বিশাল ব্যানার নিয়ে অবিরত চিত্কারে বাংলাদেশ দলকে উত্সাহ দিয়ে যান।শুরুটা অবশ্য পরিকল্পিত নয়। প্রিয়, আশিক, সামি, রকিরা সবাই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রথম খেলা দেখতে আসার সময় মজা করেই ওই ব্যানার বানিয়েছিলেন। গ্যালারিতে বসে তাঁরা বুঝলেন, মাঠে নামলে টাইগাররা বেশির ভাগ সময়ই ‘টাইগার’ থাকে না, কেমন যেন আত্মবিশ্বাসের অভাবে ভোগে। তা ছাড়া দল খারাপ করলে দর্শকেরাও ক্রিকেটারদের নানা কটু কথা বলে। তাঁরা ঠিক করলেন, বাংলাদেশের ক্রিকেটারদের তাঁরা সব সময়ই সম্ভব সর্বোচ্চ সমর্থনটা দিয়ে যাবেন। ক্রিকেটাররা যেন এই বার্তাটা পায়, ‘ভালো-খারাপ যা-ই হোক, দর্শক তাঁদের পাশেই আছে। তাঁরা যেন এক মুহূর্তের জন্যও আত্মবিশ্বাস না হারান, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।’ ফেসবুকে তাঁরা একটি গ্রুপ বানালেন ‘দৌড়া, বাঘ আইল।’ গ্রুপের সদস্য ১০৩, বাংলাদেশের খেলা থাকলে অন্তত ২০-২৫ জন প্রতিদিনই মাঠে আসেন।সাধ সীমাহীন, কিন্তু সাধ্য সীমিত। ছাত্র বলে পকেটে টাকা নেই। তা ছাড়া ক্লাসও থাকে। বাংলাদেশের ‘বার্মি-আর্মি’র কার্যক্রম আপাতত তাই শুধু ঢাকাতেই। তবে স্বপ্ন দেখতে তো মানা নেই। স্বপ্নাতুর তাঁরা জানালেন, ‘আস্তে আস্তে আমরা ঢাকার বাইরে যেতে শুরু করব, এর পর একসময় দেশের বাইরেও।’ক্লাস-পরীক্ষা, টিকিটের উচ্চমূল্য— হাজারো প্রতিবন্ধকতা। তারপরও বাংলাদেশের খেলা হলে তাঁরা ঘরে বসে থাকতে পারেন না, দলকে সাহস জোগাতে হবে না!