দৌড়ে এখন ২৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জনের চূড়ান্ত দল ঘোষণার শেষ তারিখ ১৯ জানুয়ারি। তবে বাংলাদেশের প্রাথমিক বিশ্বকাপ দলের আকৃতি ছোট হয়ে গেল এর আগেই। অনুশীলনের সুবিধার জন্য ৩০ সদস্যের দল থেকে বাদ দেওয়া হয়েছে ৭ জনকে। বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল। ছুটি শেষে আজই অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরছেন কোচ জেমি সিডন্স।বাদ পড়া সাতজন হলেন এনামুল হক জুনিয়র, নাসির হোসেন, শুভাগত হোম, মিঠুন আলী, নাজিমউদ্দিন, শামসুর রহমান ও সগীর হোসেন। জাতীয় দলে কখনোই খেলেননি এমন খেলোয়াড়দের মধ্যে টিকে আছেন শুধু অলরাউন্ডার সাব্বির রহমান। প্রধান নির্বাচক রফিকুল ইসলাম জানালেন, সাতজনকে ছেঁটে ফেলার কাজটা খুব কঠিন হয়নি, ‘যারা বাদ পড়েছে, তাদের নেওয়াই হয়েছিল ব্যাকআপ হিসেবে। এনামুল যেমন স্পিনে ব্যাকআপ ছিল, সগীর উইকেটকিপিংয়ে। দল ছোট করতে তাই খুব বেশি সমস্যা হয়নি।’শুধু ২৩ জনের দল-ই নয়, প্রধান নির্বাচক জানালেন চূড়ান্ত দল করতেও খুব একটা বেগ পেতে হবে না। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে একটা ব্যাপার নিশ্চিত, বড় কোনো চমক থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ‘গত দুই সিরিজে যে দলটা খেলেছে, সেই দল থেকে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। আমাদের দলটা এখন মোটামুটি দাঁড়িয়ে গেছে, সবাই নিয়মিত পারফর্ম করছে। পরিবর্তনের প্রয়োজনই তাই খুব একটা নেই।’তবে গত দুই সিরিজে খেলেননি এমন অনেকেই বেশ ভালো করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। জাতীয় দলের বাইরে থাকা কয়েকজনের পারফরম্যান্স নির্বাচকদের কাজ কিছুটা হলেও কঠিন করে দিয়েছে বলে মানছেন রফিকুল ইসলাম। তবে এটি তাঁর চোখে খুবই ইতিবাচক দিক, ‘অবশ্যই এটা দলের জন্য ভালো। যত বেশি প্রতিযোগিতা হবে, ততই দলের মঙ্গল। হয়তো এতে আমাদের কাজটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাই, সবাই এভাবে ভালো করে আমাদের কাজ কঠিন করে তুলুক। বিকল্প বেশি থাকা মানে বুঝতে হবে দেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে।’