দৌড়েই জীবন বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আমিন, সুমি আক্তার
আল আমিন, সুমি আক্তার

এত দিন আলো কাড়তে পারেননি। তবে এবার নিজেদের চেনালেন আল আমিন ও সুমি আক্তার। সেটাও জনপ্রিয় কোনো ইভেন্টে না খেলেই। এমনিতেই বাংলাদেশের অ্যাথলেটিকসে দুরবস্থা চলছে অনেক দিন। তার ওপর অ্যাথলেটিকসের ছিটেফোঁটা গ্ল্যামার যেটুকু আছে, তা ওই স্প্রিন্টেই। অথচ পরশু বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ হওয়া ১৩তম জাতীয় সামার অ্যাথলেটিকসে সেরা অ্যাথলেট হয়েছেন সেনাবাহিনীর দূরপাল্লার দুই দৌড়বিদ আল আমিন ও সুমি আক্তার!

প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সোনাজয়ীকেই এই পুরস্কারটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সে হিসেবে ৮০০ ও ৫০০০ মিটারে সোনা এবং ৪০০ মিটারে ব্রোঞ্জ জিতে সেরা হয়েছেন আল আমিন। সুমির অর্জনটা আরেকটু বড়। ৮০০, ১৫০০, ৩০০০ মিটারে প্রথম। ৪০০ মিটারে রুপা। গত জাতীয় চ্যাম্পিয়নশিপেও সুমি একই ফল করেছিলেন।

একসময় দেশে দূরপাল্লার দৌড়বিদ ছিলেন হাবিলদার মোস্তাক। সাফে দূরপাল্লার দৌড়ে তাঁর একটি ব্রোঞ্জ আছে। স্টিপল চেজে ১৯৮৭ কলকাতা সাফে ব্রোঞ্জ জেতেন সেনাবাহিনীর মজিবর রহমান। ইলিয়াস আহমেদের সাফে ব্রোঞ্জ আছে ৫০০০ মিটারে।

এখন আর সে রকম দৌড়বিদ আসছে না। কারণ দূরপাল্লার দৌড়বিদ হতে গেলে প্রচুর দম দরকার। বাংলাদেশের অ্যাথলেটদের সেটি এখন নেই বললেই চলে। তবে সুমি-আল আমিন কিছুটা ব্যতিক্রম।

পাহাড়ি নয়, সুমি কিন্তু সমতলের মেয়ে। বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায়। আল আমিন অবশ্য সুনামগঞ্জের পাহাড়ি এলাকার সন্তান। যদিও পাহাড়ে নাকি খুব একটা যেতেন না। খেলোয়াড় হবেন এটাই নাকি কখনো ভাবেননি, ‘এত দূর আসব ভাবিনি। ছোটবেলায় খেলাধুলা তেমন করতাম না। সেনাবাহিনীতে যোগ দিই ২০১৫ সালে সৈনিক পদে। তারপর আন্ত-ইউনিট খেলে ভালো ফল করে উঠে এসেছি।’

সাফল্যের এই সময়ে ২০১২ সালে প্রয়াত মাকে মনে পড়ে আল আমিনের। বাড়ির বাইরে থাকায় তাঁর দাফনের সময় থাকতে পারেননি। এই কষ্টটা তাঁকে পোড়ায়। তবে সব একপাশে রেখে বারবার বলেন সেনাবাহিনীর অবদানের কথা।

আল আমিন-সুমি দুজনই সেনাবাহিনীর অ্যাথলেট। সুমিকে সাত-আট বছর আগে মানিকগঞ্জ থেকে প্রথম ঢাকা আনা হয় বিজেএমসির ঢাকা অঞ্চলে খেলতে। সেনা দলের কোচ ফরিদ খান চৌধুরী বলছিলেন, ‘আমি তখন বিজেএমসির কোচ। ওখান থেকেই গুটি গুটি পায়ে এত দূর এসেছে সুমি। ওর একটাই গুণ, প্রচুর দম। ক্লান্ত হয় না। অন্যদের রিকভারিতে ১০ মিনিট লাগলে ওর লাগে ২-৩ মিনিট। একজন পুরুষ হয়েও ওর মতো দম আমার নেই।’

গতকালই বাড়ি গেছেন সুমি। বাসে থেকে ফোনে ধরা হলে কৃতজ্ঞতা জানালেন সেনাবাহিনীকে। কিন্তু দূরপাল্লার দৌড়ের শুরুটা কীভাবে? সুমি পেছনে তাকান, ‘বিজেএমসিতে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট করতাম। ওখানে “গোপাল স্যার” একদিন বলেন, তোমার শরীরটা স্প্রিন্ট উপযোগী নয়। দূরপাল্লা তোমার জন্য ভালো হবে। স্যার আমাকে শুধু ৮০০ মিটার করান। ২০১৪ সালে ৮০০ মিটারে সোনাও পাই জাতীয় মিটে। তখনই সেনাবাহিনী আমাকে নিয়ে নেয়। স্যারদের সহযোগিতায় আমি এগিয়ে চলেছি।’

প্রথম প্রথম দৌড়াতে কষ্ট হতো। তখন ‘ফারুক স্যার’ ২০-৩০ মিনিট করে দৌড় অনুশীলন করাতেন প্রতিদিন। এখন এক ঘণ্টা টানা দৌড়ালেও নাকি সমস্যা হয় না। ছোটবেলায় চাইতেন সরকারি চাকরি করবেন। কিন্তু সেটা না হলেও দুই বোন ও এক ভাইয়ের সবার চোট ২০ বছরের সুমি এখন তৃপ্ত। কোন বিদেশি অ্যাথলেটকে ভালো লাগে? এই প্রশ্নে সুমির সরল উত্তর, ‘নাম মনে পড়ছে না। তবে বলতে ভোলেন না বাবা-মায়ের কথা। বাবা একসময় কাঁচা পণ্যের ব্যবসা করতেন। এখন কৃষিকাজ করেন, মা গৃহিণী। সব কষ্ট একপাশে রেখে তাঁরা এখন মেয়ের সাফল্যে খুব খুশি।

মাধ্যম হলো দৌড়। আল আমিন-সুমিদের জীবনই বদলে দিয়েছে দৌড়।