ধুলোয় মিশে গেছে সব অহংকার। গর্ব করার আর কিছুই নেই কাবাডির! গত নভেম্বরে এশিয়ান গেমস থেকে প্রথম পদক আনতে ব্যর্থ হলো কাবাডি, কাবাডি ফেডারেশনের বর্তমান আহ্বায়ক কমিটির ‘অনন্য উপহার’!সরকার কাবাডি ফেডারেশনে নির্বাচন দিচ্ছে না প্রায় দুই বছর। সরকারের চাপিয়ে দেওয়া মনোনীত কমিটির রাজত্ব শুধু দীর্ঘায়িতই হচ্ছে। আর জাতীয় খেলাটা শুধু ডুবছেই।আগের নির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক আবদুল মান্নান এই ফেডারেশন নিয়ে হাজার অভিযোগ তোলার পর উপসংহার টানলেন, ‘এটা তো এখন শালা-দুলাভাইয়ের ফেডারেশন।’দুলাভাই হচ্ছেন সাধারণ সম্পাদক মুনির হোসেন। সহসভাপতি আখতার হামিদ তাঁর শ্যালক। মেয়ের জামাই মাহফুজ খান কমিটিতে নেই। না থাকলে কী হবে, মান্নান বলছেন, ‘মুনির সাহেব ফেডারেশনকে বাপ-দাদার সম্পত্তি মনে করেন। তাঁর জামাই ফেডারেশনের কিছু নয়, অথচ মাহফুজের দাপট অনেক। ফেডারেশনের অনেক কাজই সে করে।’এসব শুনে মুনিরের প্রতিবাদ, ‘আমাকে অপবাদ দেওয়ার জন্যই এগুলো বলে বেড়ায় কিছু লোক। ঘটনাচক্রে হামিদ আমার শ্যালক, কিন্তু দীর্ঘদিন ধরে যোগ্যতা দিয়েই সে ফেডারেশনে আছে। আমার জামাই ফেডারেশনের কিছু না, তার দুটি ক্লাব আছে। সে অনৈতিক কিছুই করে না।’মাহফুজের বক্তব্য, ‘মুনির হোসেনের জামাই হওয়া কি আমার অপরাধ? আমি ফেডারেশনের কোনো কাজ করি না। বরং একটা স্পনসর এনে দিয়েছি, আগে ওরা কমিশন নিত, আমি একটা টাকাও কমিশন নিইনি। কাবাডির জন্য কাজ করে আমি কি অপরাধ করেছি?’মাঠের খেলাটা কেমন চলছে? বাংলাদেশের কাবাডির মুখ, কোচ আবদুল জলিল বলছেন, ‘প্রতি মাসেই মোটামুটি গ্রোগ্রাম আছে, ক্যালেন্ডার অনুযায়ী খেলা চলছে। তবে এশিয়াডের পর আন্তর্জাতিক টুর্নামেন্টে ছেলেদের আর যাওয়া হয়নি। মেয়েরা বাইরে গেছে একবার। আসছে অক্টোবরে শ্রীলঙ্কায় সাফ বিচ কাবাডিতে মেয়েদের পাঠানো হচ্ছে, ছেলেদের নয়।’মিজান এডিবলের মতো বড় পৃষ্ঠপোষক এসেছে। ঢাকার বাইরেও কাবাডি মেলা-টেলা হয়েছে। কাবাডি স্থবির বলা যাবে না, তবে আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান হারিয়ে ফেলাই যত দুর্ভাবনার কারণ। পুরুষ কাবাডি দল এশিয়ান গেমসে অতীতে তিনটি রুপা এনেছে, এনেছে দুটি ব্রোঞ্জও। গত গুয়াংজু এশিয়াড থেকে সেই দলের রিক্ত হাতে ফেরা বাংলাদেশের কাবাডির রুগ্ণতারই প্রকাশ, যেটির দায় এখনকার নেতৃত্বেরই।কেন এ অবস্থা? ফেডারেশনের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেনের উত্তর, ‘আমরা অনেকে ফেডারেশনে যাই না। ওটা শালা-দুলাভাই চালায়। সব সিদ্ধান্ত তারাই নেয়। মিটিং-টিটিং হয় না। মাঠের রেজাল্ট তো খারাপ হবেই।’ সদস্য কামরুননাহার ডানার কথা, ‘ফেডারেশনের বেশির ভাগ সিদ্ধান্তই হয় আলোচনা ছাড়া।’আগের কমিটির মেয়াদ শেষে ২০০৯ নভেম্বরে বর্তমান কমিটি বসে চেয়ারে। ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ার ফের অলংকৃত করেন মুনির হোসেন। মুনিরের ফেরার পর ফেডারেশন থেকে বেরিয়ে যাওয়া পক্ষ অনিয়মের নানা অভিযোগ আনছে।মন্ত্রীর কাছে গিয়েছিল বিরোধী পক্ষ। মন্ত্রী নাকি তাদের বলেছিলেন ‘আগে আসলেন না কেন?’ নির্বাচনের জন্য বিরোধীরা আরও দুবার মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ফল হয়নি। সম্প্রতি ফোরামের সভায় নভেম্বরে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন মন্ত্রী। কিন্তু নির্বাচন হওয়ার লক্ষণ নেই।ভারত থেকে আনা কাবাডি কোচ মধুসূদন সাহার অধীনে কোচেস কোর্স চলছে এখন। ক্লাবগুলো থেকে নাকি কোচ চাওয়া হয়নি। এটা নিয়ে কাবাডির অঙ্গন বেশ উত্তপ্ত। নির্বাচন না হওয়া পর্যন্ত শান্ত হবে না!