দ্বিতীয় ইনিংসের দিকে চেয়ে সবাই
কোন পথে গল টেস্ট? বাংলাদেশ কি দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে পারবে? শ্রীলঙ্কাই বা তাদের দ্বিতীয় ইনিংস কত দূর টেনে নিয়ে যাবে? চতুর্থ দিন শেষে সবার মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলোই। তবে গল টেস্টের চতুর্থ দিনের বেশির ভাগ সময়ই ছিল বাংলাদেশের জন্য তৃপ্তিদায়ক। ডাবল সেঞ্চুরি করে মুশফিকুর রহিমের ইতিহাসের পাতায় ঢুকে যাওয়া, নাসির হোসেনের প্রথম টেস্ট সেঞ্চুরি; অতৃপ্তি কেবল দারুণ ব্যাটিং প্রদর্শনীর পরও মোহাম্মদ আশরাফুলের ডাবল সেঞ্চুরি ফসকে যাওয়া। দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাট করছেন লঙ্কান ব্যাটিংয়ের দুই তারকা তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা। দিলশানের ৬৩ ও সাঙ্গাকারার ৪৮ রানের ওপর ভর করে শ্রীলঙ্কা এখন এগিয়ে ৪৮ রানে। চতুর্থ দিন চা-বিরতির পর ব্যাটিংয়ে নেমে ৩০ ওভার ব্যাট করে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১১৬ রান। শ্রীলঙ্কার একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন পেসার শাহাদাত হোসেন। শাহাদাতের বলে আবুল হাসানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন দিমুথ করুণারত্নে।এর আগে, অধিনায়ক মুশফিকুর রহিমের ২০০, মোহাম্মদ আশরাফুলের ১৯০, নাসির হোসেনের ১০০ ও মমিনুল হকের ৫৫ রানের সুবাদে শ্রীলঙ্কার ৫৭০ রানের দারুণ জবাব দেয় বাংলাদেশ। অলআউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ নিজেদের টেস্ট ইতিহাসের সেরা ৬৩৮ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে ছিল ৬৮ রানে। বাংলাদেশকে অনেক কিছুই উপহার দিল শ্রীলঙ্কার সমুদ্র ও দুর্গশহর গল। বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি, মোহাম্মদ আশরাফুলের অন্য রূপে ফেরা, মমিনুল-নাসিরের দুর্দান্ত ব্যাটিং, টেস্টে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর। সবকিছু ছাপিয়ে প্রথম ইনিংসে লিড। আর কী চাই! এরপর বাকি থাকে ড্র অথবা জয়। জয় দূরের ব্যাপার হলেও ড্রয়ের প্রত্যাশা বাংলাদেশ করতেই পারে। ডাবল সেঞ্চুরির স্বপ্ন নিয়ে সকালে মাঠে নেমেছিলেন আশরাফুল-মুশফিক। আশরাফুল ছিলেন ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে। কিন্তু দিনের শুরুতেই আগের দিনের সংগ্রহের সঙ্গে মাত্র এক রান যোগ করে প্যাভিলিয়নে ফিরে যান ‘অ্যাশ’। প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিশতকের দ্বারপ্রান্তে থেকেও ইতিহাসের বরপুত্র হতে পারেননি আশরাফুল।আশরাফুল না পারলেও মুশফিকুর পেরেছেন। ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন তিনি অনন্য এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে। কালকের ১৫২ রানের সঙ্গে বাকি ৪৮ রান যোগ করতে একেবারেই বেগ পেতে হয়নি বাংলাদেশ অধিনায়কের। মুশফিকুর-আশরাফুলের পর আলো ছড়ান নাসির হোসেনও। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন তিনি। তবে ১০০ রান করেই আউট হন নাসির। সোহাগ গাজী করেন ২১ রান। শ্রীলঙ্কার হয়ে নুয়ান কুলাসেকারা, শামিন্দা এরেঙ্গা, রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিস ও তিলকরত্নে দিলশান দুটি করে উইকেট নেন।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৭০/৪, ঘোষণাথিরিমান্নে ১৫৫*, সাঙ্গাকারা ১৪২, চান্দিমাল ১১৬*সোহাগ গাজী ৩/১৬৪, আবুল হোসেন ১/১১২বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৩৮/১০মুশফিকুর ২০০, আশরাফুল ১৯০, নাসির ১০০, মমিনুল ৫৫এরাঙ্গা ২/১২২, মেন্ডিস ২/১৫২, কুলাসেকারা ২/৯৪, হেরাথ ২/১৬১, দিলশান ২/৭৫শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ১১৬/১(চতুর্থ দিনের খেলা শেষে)দিলশান ৬৩*, সাঙ্গাকারা ৪৯*, করুণারত্নে ৩শাহাদাত ১/১৮টস: শ্রীলঙ্কা