দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত ইংল্যান্ড
ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জয়ের পর দলে পরিবর্তন আনা একটু বাড়াবাড়ি হয়ে যায় না? সেই বাড়াবাড়ির পথে হাঁটেননি ইংল্যান্ডের নির্বাচকেরা। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য প্রথম টেস্টের দলটিই ঘোষণা করেছেন তাঁরা।প্রথম টেস্টে নির্বাচকদের পছন্দের তালিকায় ছিলেন আজমল শেহজাদ। কিন্তু গোড়ালিতে চোট পাওয়ায় শেষ মুহূর্তে শেহজাদের জায়গায় নেওয়া হয় ব্রেসনেনকে। আগামী টেস্টেও ব্রেসনেনকে রেখেছেন নির্বাচকেরা। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এ টেস্টে কোনো পরিবর্তন আসছে না জানিয়ে ইংল্যান্ডের নির্বাচক জিওফ মিলার বলেন, ‘ট্রেন্ট ব্রিজে ক্রিকেটারদের পারফরম্যান্সে আমরা মুগ্ধ। এখন প্রয়োজন জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখা।’ ৩৫৪ রানের বিশাল জয়ের প্রসঙ্গ তুলে ধরে মিলার বলেন, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিকেই ক্রিকেটারদের অসাধারণ পারফরম্যান্সের কারণে এ জয় সম্ভব হয়েছে। পরবর্তী তিনটি টেস্টেও এ মান ধরে রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ।’ ক্রিকইনফো।ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, পল কলিংউড, এউইন মরগান, ম্যাট প্রিয়র, গ্রায়েম সোয়ান, স্ট্রয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, স্টিফেন ফিন ও টিম ব্রেসনেন।