দ্বিতীয় পর্বের কাছে কলম্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতিময় ফুটবলের অসাধারণ প্রদর্শনী। কাল ব্রাসিলিয়ায় কলম্বিয়া-আইভরিকোস্ট ম্যাচ তৃপ্তি মিটিয়েছে সারা বিশ্বের ফুটবল-ভক্তদের। শ্বাসরুদ্ধকর এই ম্যাচটা শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে শেষ ষোলোটাও প্রায় নিশ্চিত করে ফেলেছে ১৬ বছর পর বিশ্বকাপে আসা কলম্বিয়া। গত রাতে হয়ে যাওয়া গ্রিস-জাপান ম্যাচে জাপান না জিতে থাকলেই দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুই ম্যাচ জেতা কলম্বিয়া।
৬৪ থেকে ৭৩—এই নয় মিনিটেই হয়েছে গোল তিনটি। কলম্বিয়ার হয়ে আবারও গোল পেয়েছেন তরুণ তুর্কি জেমস রদ্রিগেজ, অন্য গোলটি হুয়ান ফার্নান্দো কিনতেরোর। আইভরিকোস্টের একমাত্র গোলটি জেরভিনহোর।
প্রথমার্ধে জমাট লড়াই হওয়া ম্যাচটির সব উত্তেজনাই যেন জমা ছিল দ্বিতীয়ার্ধের জন্য। শুরুটা হয় ৬৪ মিনিটে। ম্যাচের সেরা খেলোয়াড় রদ্রিগেজই খুলেছেন গেরোটা। হুয়ান কুয়াদ্রাদোর কর্নার থেকে বক্সের বাঁ পাশ থেকে বুলেট হেডে গোল করেই উল্লাসে মাতেন রদ্রিগেজ। কলম্বিয়ার জার্সি গায়ে এ নিয়ে টানা চার ম্যাচে গোল পেলেন ২২ বছর বয়সী এই স্ট্রাইকার।
সাত মিনিট পর পাল্টা এক আক্রমণে দ্বিতীয় গোল কলম্বিয়ার। এবার গুতিয়েরেজ পাস দিলেন কিনতেরোকে। অসহায় গোলরক্ষক ব্যারিকে পরাস্ত করতে ভুল করেননি বদলি মিডফিল্ডার কিনতেরো।
তিন মিনিট না যেতেই জেরভিনহোর অসাধারণ এক গোলেই ম্যাচে আবার উত্তেজনা। বাঁ পাশ থেকে বল নিয়ে গতির ঝড়ে প্রথমে পেছনে ফেললেন একজনকে। এরপর আরও দুই কলম্বিয়ান ডিফেন্ডারকে ঝেড়ে ফেলার পর রোমার এই উইঙ্গার ১২ গজ দূর থেকে ডান পায়ে জালে পাঠালেন বলটাকে। এরপর চেষ্টা করেও আর সমতা আনতে পারেনি প্রথম ম্যাচে জাপানকে হারানো আইভরিয়ানরা।
প্রথমার্ধটা গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের মতোই চমৎকার ফুটবল উপহার দিয়েছে দুই দল। তবে ২৮ মিনিটেই এগিয়ে যেত পারত কলম্বিয়া। গোলরক্ষককে একা পেয়েও মাত্র ছয় গজ দূর থেকে গুতিয়েরেজ অবিশ্বাস্যভাবে বাইরে পাঠিয়েছেন বল।