দ্বিতীয় হলেও খুশি মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডর্টমুন্ডকে হারাতে পারলেই চ্যাম্পিয়নস লিগে নিজেদের গ্রুপে শীর্ষ স্থান পাওয়ার সম্ভাবনা থাকত রিয়ালের। কিন্তু ড্র করে সেই সম্ভাবনা বেশ দূরেরই। হাতে দুই ম্যাচে বাকি রেখে গ্রুপে দ্বিতীয় স্থানের সম্ভাবনাই তাই রিয়ালের সামনে উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে। এ নিয়ে অবশ্য দুঃখ নেই কোচ হোসে মরিনহোর। তিনি বলেছেন, দ্বিতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারলে তিনি খুশিই হবেন। সব কোচই দলকে এক নম্বর দেখতে চান। কিন্তু দ্বিতীয় হলেই মরিনহোর খুশি হবেন, ব্যাপারটা একটু যেন কেমন শোনায়। কিন্তু মরিনহোর এই খুশির নেপথ্য কারণ গ্রুপে দ্বিতীয় হয়ে তাঁর অতীত অভিজ্ঞতা। যে দুবার মরিনহো চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের কোচ ছিলেন, সে দুবারই তাঁর দল গ্রুপ পর্ব শেষ করেছিল দ্বিতীয় স্থানে থেকে। প্রথমবার ২০০৪ সালে পোর্তোকে, দ্বিতীয়বার ২০১০ সালে ইন্টার মিলানকে। কাকতালীয়ভাবে দুবারই গ্রুপ পর্বে দ্বিতীয় হয়েছিল মরিনহোর দল। আগের সুখস্মৃতি অনুযায়ী খুশি হওয়াটাই স্বাভাবিক স্পেশাল ওয়ানের।এবারের চ্যাম্পিয়নস লিগে রিয়াল দ্বিতীয় স্থান নিয়ে গ্রুপ পর্ব শেষ করার পর সংবাদ সম্মেলনে মরিনহোর প্রতিক্রিয়া, ‘আমি খুশি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য গ্রুপ পর্বে শীর্ষে থাকা পূর্বশর্ত নয়। যে দুবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিলাম, দুবারই দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ হয়েছিল আমাদের। আমি কুসংস্কারবাদী নই। তবে এর মধ্য দিয়ে এটা বুঝতে পেরেছি, গ্রুপ পর্বে অবস্থান প্রথম নাকি দ্বিতীয়, এটা গুরুত্বপূর্ণ নয়।’ডর্টমুন্ডের সঙ্গে গতকালের ম্যাচটা ছিল রিয়ালের মাঠ বার্নাব্যুতে। কিন্তু খেলার ২৮ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। পেনাল্টি বক্সের ভেতর থেকে নেওয়া শটে অসাধারণ এক গোল করেন ডর্টমুন্ডের মারকো রিয়াস। ছয় মিনিট পর রিয়ালকে সমতায় ফেরান পেপে। খেলার ৪৫ মিনিটে গোল করেন রিয়ালের আরবেলোয়া। কিন্তু সেটা ছিল আত্মঘাতী গোল। আরবেলোয়ার ভুলে ২-১ গোলে এগিয়ে যায় ডর্টমুন্ট। দ্বিতীয়ার্ধে গোল হচ্ছিল না কিছুতেই। মনে হচ্ছিল, ঘরের মাঠে হারের লজ্জা পেতে চলেছে রিয়াল। কিন্তু খেলার একেবারের অন্তিম মুহূর্তে (৮৯ মিনিট) ফ্রি কিক থেকে গোল দলকে ড্র এনে দেন মেসুত ওজিল।এ ম্যাচে শুরু থেকেই ছিলেন রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একবারও প্রতিপক্ষের জাল খুঁজে পাননি পর্তুগিজ উইঙ্গার। ম্যাচ শেষে অবশ্য রোনালদোর প্রশংসায় ভাসেন মরিনহো, ‘আমি মনে করি, রোনালদো অসাধারণ খেলেছে। রক্ষণভাগে আমরা দুটি বড় ভুল করেছিলাম। বড় দলের বিপক্ষে এমন ভুল করলে পরিণতি ভালো হয় না।’ রয়টার্স, ইএসপিএন-স্টার।