কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ২০৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর চার উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে স্বাগতিক ভারত। উদ্বোধনী জুটিতে ৮৬ রানের জুটি গড়ে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোভাবেই করেছিলেন বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর খুব দ্রুতই চারটি উইকেট তুলে নিয়ে ভারতকে চাপের মুখে ফেলে দিয়েছে সফরকারী ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১১১ রান। কলকাতা টেস্টে মহেন্দ্র সিং ধোনির দল এখনও পিছিয়ে আছে ৯৬ রানে।আজ কলকাতা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই ইংল্যান্ডকে ৫২৩ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছিল ভারত। উদ্বোধনী জুটিতে ৮৬ রান যোগ করে শুভসূচনা করেছিলেন দুই ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর। কিন্তু মধ্যাহ্নবিরতির পর খুব দ্রুতই চারটি উইকেট তুলে নিয়ে ভারতকে চাপের মুখে ফেলে দিয়েছেন ইংলিশ বোলাররা। দলীয় ৮৬ রানের মাথায় প্রথম আঘাতটি হানেন গ্রায়েম সোয়ান। ৪৯ রান করা শেবাগকে আউট করেন এই ডানহাতি অফস্পিনার। এরপর খুব অল্প সময়ের মধ্যেই একে একে সাজঘরের পথ ধরেন চেতেশ্বর পূজারা, গৌতম গম্ভীর ও শচীন টেন্ডুলকার। ৪০ রান এসেছে গম্ভীরের ব্যাট থেকে। আর প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলা টেন্ডুলকার আউট হয়েছেন মাত্র ৫ রান করে।এর আগে আজ চতুর্থ দিনে ৫২৩ রান সংগ্রহ করে প্রথম ইনিংস শেষ করে ইংল্যান্ড। গতকাল তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৫০৬। আজ চতুর্থ দিনের শুরুতে সংগ্রহটা খুব বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেনি সফরকারীরা। খেলা শুরুর পাঁচ ওভারের মধ্যেই ইংল্যান্ডের বাকি চারটি উইকেট তুলে নিয়েছেন ভারতীয় বোলাররা। ভারতের চেয়ে ২০৭ রানে এগিয়ে থেকে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়েছে ৫২৩ রানে। প্রজ্ঞান ওঝা তুলে নিয়েছেন ৪ উইকেট।গতকাল সপ্তম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে ম্যাট প্রায়র ও গ্রায়েম সোয়ান যেভাবে ব্যাটিং করছিলেন তাতে মনে হচ্ছিল, ইংল্যান্ডের সংগ্রহটা আরও অনেক বড় হবে। কিন্তু আজ দিনের প্রথম ওভারেই ২১ রান করা সোয়ানকে সাজঘরে ফেরান প্রজ্ঞান ওঝা। পরের ওভারে প্রায়রের উইকেটটাও তুলে নেন জহির খান। ৪১ রান করে আউট হয়েছেন প্রায়র। দুই ওভার পরে টানা দুই বলে জেমস অ্যান্ডারসন ও মন্টি পানেসারকে আউট করে ইংল্যান্ডের শেষ সর্বনাশটি করেন রবিচন্দ্রন অশ্বিন।