দ্বিতীয় ওয়ানডেতে অনিশ্চিত কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ভালোভাবে করতে পারেনি ভারত। ৬ উইকেটের হারের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকেরা। এখন দ্বিতীয় ওয়ানডের আগে ইনজুরি সমস্যাও বেশ পীড়া দিচ্ছে ভারতীয় শিবিরকে। পায়ে চোট পাওয়ায় দলের অন্যতম নির্ভরশীল ব্যাটসম্যান বিরাট কোহলি দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে আছেন ভারতের নির্বাচকেরা।গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের ৪১তম ওভারে বল করতে গিয়ে পায়ে চোট পান বিরাট কোহলি। শেষ পর্যন্ত ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হয় এই তরুণ ক্রিকেটারকে। এখন দ্বিতীয় ওয়ানডের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন ভারতের নির্বাচকেরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি সঞ্জয় জাগডালে এক বিবৃতিতে বলেছেন, ‘চেন্নাইয়ে প্রথম ওয়ানডেতে পায়ে চোট পাওয়ার পর বিরাট কোহলির পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পায়ের প্রধান পেশিতন্তু জখম হয়নি। কিন্তু তার হাঁটুতে এখন খানিকটা সমস্যা আছে। চিকিত্সার পর সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আর এই সময়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে কলকাতায় অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডেতে সে খেলতে পারবে কি না।’ পিটিআই।