টুর্নামেন্ট শুরুর আগে আন্ডারডগ ছিল শ্রীলঙ্কা। শুরুর পরও তা-ই। প্রথম তিন ম্যাচে জয় নেই একটিও। টানা দুই ম্যাচ জিতে সেই শ্রীলঙ্কাই উঠে গেল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ব্রিসবেনে ভারতকে কাল মাহেলা জয়াবর্ধনের দল হারিয়েছে ৫১ রানে। ৫ ম্যাচে এখন ১১ পয়েন্ট শ্রীলঙ্কার, এক ম্যাচ বেশি খেলে ভারতের পয়েন্ট ১০। ৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।নিষিদ্ধ হওয়ায় কাল খেলতে পারেননি ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতকেও যেন মনে হয়েছে অনেকটা দিশাহীন। ব্যাটিং-বোলিংয়ে ছিল না পরিকল্পনার ছাপ। বিশ্বাস করুন আর নাই করুন, শেষ দুই ওভার বোলিং করলেন খণ্ডকালীন দুই বোলার সুরেশ রায়না ও বিরাট কোহলি। দুজনেরই ছিল সেটি প্রথম ওভার!আলোচিত পর্যায়ক্রমিক পদ্ধতি থেকে কাল বেরিয়ে এসেছিল ভারত। রোহিত শর্মাকে বাইরে রেখে একসঙ্গে খেলেছেন টেন্ডুলকার-শেবাগ-গম্ভীর। কিন্তু বড় রান তাড়ায় দলকে ভালো ভিত্তি এনে দিতে পারেননি এই ত্রয়ী। ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দর শেবাগ আউট ইনিংসের দ্বিতীয় বলেই। মালিঙ্গার অফ স্টাম্পের অনেক বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে অনেক কষ্টে ব্যাট ছুঁইয়ে ক্যাচ দিলেন থার্ডম্যানে! টেন্ডুলকার-গম্ভীরের শুরুটা ভালোই হয়েছিল, দুজনকেই ফিরিয়েছেন কুলাসেকারা। পরে জাদেজাকেও আউট করে ম্যাচ-সেরাও এই পেসার। ৫৪ রানে প্রথম তিন ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর চতুর্থ উইকেটে রায়না-কোহলির ৯২ রানের জুটি ম্যাচে রেখেছিল ভারতকে। তবে থিসারা পেরেরার ৪ উইকেট শেষ পর্যন্ত বড় জয়ই এনে দিয়েছে শ্রীলঙ্কাকে। ইরফান পাঠানের ৩৪ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংসটি অবশ্য বোনাস পয়েন্ট পেতে দেয়নি শ্রীলঙ্কাকে। বোনাস পয়েন্ট পেতে ভারতকে আটকাতে হতো ২৩২ রানে।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অভিজ্ঞ ও নবীনের যৌথ প্রয়াসে গ্যাবায় নিজেদের সর্বোচ্চ স্কোর গড়ে শ্রীলঙ্কা। ৯৫ রানের উদ্বোধনী জুটিতে যেটির ভিত্তি গড়ে দেন দিলশান ও জয়াবর্ধনে। এরপর চতুর্থ উইকেটে দুই তরুণ চান্ডিমাল ও থিরিমান্নের ৭১ রানের জুটি আর শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথুসের ঝড় (৩৭ বলে ৪৯) শ্রীলঙ্কাকে এনে দেয় তিন শ ছুঁইছুঁই স্কোর। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৯/৬ (জয়াবর্ধনে ৪৫, দিলশান ৫১, সাঙ্গাকারা ৮, চান্ডিমাল ৩৮, থিরিমান্নে ৬২, ম্যাথুস ৪৯*, পেরেরা ১০, মাহারুফ ৪*; অশ্বিন ২/৫০, ইরফান ২/৫৪, রায়না ১/১০, যাদব ১/৫৮)। ভারত: ৪৫.১ ওভারে ২৩৮ (শেবাগ ০, টেন্ডুলকার ২২, গম্ভীর ২৯, কোহলি ৬৬, রায়না ৩২, জাদেজা ১৭, ইরফান ৪৭, পার্থিব ৪, অশ্বিন ৫, বিনয় ০, যাদব ০*; পেরেরা ৪/৩৭, কুলাসেকারা ৩/৪০, মালিঙ্গা ২/৫৫, মাহারুফ ১/৫২)। ফল: শ্রীলঙ্কা ৫১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নুয়ান কুলাসেকারা।