দ্বিতীয় জয়ের পরও অস্বস্তি

টানা দুই ম্যাচ জয়। জাঁকিয়ে বসা গেছে গ্রুপের শীর্ষস্থানেও। এর পরও মনে খচখচানি না থেকে পারেই না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের। এখনো যে নিশ্চিত হলো না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। কাল আবুধাবিতে নামিবিয়াকে ৫২ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। দুই জয়েই নিশ্চিত হতো গ্রুপ পর্ব পেরোনো। হলো না আফগানিস্তানের কারণে। বিশ্ব ক্রিকেটকে মাঝেমধ্যেই চমকে দেওয়া আফগানরা কাল হারিয়ে দিয়েছে অস্ট্রেলীয় যুবাদের। আফগানিস্তানের ৩৬ রানের এই জয়েই এখন পুরোপুরি উন্মুক্ত ‘বি’ গ্রুপ।
আগামীকাল শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে তো কথাই নেই, হেরেও বাংলাদেশ উঠতে পারে শেষ আটে। নামিবিয়ার কাছে আফগানিস্তান হারলেই হয়! নইলে পড়ে যেতে হবে রানরেটের জটিল হিসাব-নিকাশে। গত বছরের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে জিতেও কিন্তু বাদ পড়েছিল বাংলাদেশ।
কাল টস জিতে ব্যাট নিয়ে পুরো ৫০ ওভারে ৫ উইকেটে ২৩৩ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাদমান করেছেন ফিফটি (১০৯ বলে ৬৫)। চার চারে সর্বোচ্চ ৭০ রান করেছেন মোসাদ্দেক হোসেন। এই অলরাউন্ডার পরে তাঁর অফ স্পিনে ২৯ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। ৪৯ ওভারে নামিবিয়া অলআউট হয়ে যায় ১৮১ রানে।
কাল ‘এ’ গ্রুপে জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৩৩/৫ (সাদমান ৬৫, জয়রাজ ২২, লিটন ৩১, মোসাদ্দেক ৭০*, নাজমুল ২২, ইয়াসির ৩, হায়দার ১৫*; কোয়েৎজি ২/২৯, এরাসমাস ১/২৭, ওয়েসেলস ১/৫০, স্মিট ১/৫৫)। নামিবিয়া অনূর্ধ্ব-১৯: ৪৯ ওভারে ১৮১ (পিচার্স ৪০, এরাসমাস ৩৭, কোৎজে ৩৫; মুস্তাফিজ ৩/২৪, রাহাতুল ১/২০, নিহাদুজ্জামান ২/৩৭, হায়দার ০/২০, মেহেদী ১/৫০, মোসাদ্দেক ৩/২৯)।
ফল: বাংলাদেশ ৫২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোসাদ্দেক হোসেন।