দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা স্ট্রাউসের
পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর শ্রীলঙ্কা সফরের শুরুটাও ভালোভাবে করতে পারেনি ইংল্যান্ড। প্রথম টেস্টে রঙ্গনা হেরাথের দুর্দান্ত বোলিংয়ের মুখে পড়ে ৭৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ের এই শীর্ষ দলকে। তবে কাল থেকে কলম্বোতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা করছেন অ্যান্ডি স্ট্রাউস। সেই সঙ্গে নিজের সেঞ্চুরিখরা কাটানোর প্রচেষ্টাও করবেন বলে জানিয়েছেন ইংলিশ অধিনায়ক। ২০১০ সালের পর আর কোনো টেস্ট সেঞ্চুরির দেখা পাননি তিনি।শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টেও হারের স্বাদ পেলে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটা হারাতে হবে ইংল্যান্ডকে। তবে তেমনটা হবে না বলেই আশা করছেন স্ট্রাউস। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে ভালো কিছু পারফরমেন্স হয়তো ছিল। কিন্তু শেষ চারটা টেস্টে আমাদের জয়ের কোনো সুযোগই তেমনভাবে আসেনি। সময়টা ভালো না কাটলেও আমার দৃঢ় বিশ্বাস, আমরা এবার ঘুরে দাঁড়াতে পারব। আমাদের দলের সেই সামর্থ্য নিশ্চিতভাবেই আছে।’কলম্বো টেস্টটা ড্র করলেও দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি জিতে যাবে শ্রীলঙ্কা। তবে স্বাগতিকেরা নিশ্চিতভাবে প্রথম টেস্ট জয়ের ধারাবাহিকতাটাই অব্যাহত রাখার চেষ্টা করবে। তেমন প্রতিশ্রুতিই দিয়েছেন লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তিনি বলেছেন, ‘আমরা চেষ্টা করব, সিরিজটা ২-০ ব্যবধানেই জেতার জন্য। ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলতে হলে আপনাকে আক্রমণাত্মকই হতে হবে।’ রয়টার্স।