দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন জেমস ফ্রাঙ্কলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে কেইন উইলিয়ামসন তাঁর অভিষেকটা স্মরণীয় করে রাখলেও শুরুটা ভালো হয়নি আরেক অভিষিক্ত পেস বোলার হামিশ বেনেটের। কোনো উইকেট পাওয়া তো দূরের কথা, উল্টো ইনজুরির কবলে পড়ে দ্বিতীয় ইনিংসে বোলিংই করতে পারেননি তিনি। বেনেটের এই ইনজুরির কারণে অবশ্য ভাগ্য খুলেছে জেমস ফ্রাঙ্কলিনের। প্রায় দেড় বছর পর আবার নিউজিল্যান্ড টেস্ট দলে জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার।ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জেসি রাইডার বল করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এর সঙ্গে বেনেটের অনুপস্থিতি মিলিয়ে নিউজিল্যান্ডের নির্বাচকেরা দলে একজন অলরাউন্ডারকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কোচ মার্ক গ্রেটব্যাচ। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ড এ দলের হয়ে ব্যাট ও বল হাতে চমত্কার পারফরম্যান্স দেখিয়েছেন ফ্রাঙ্কলিন। তিনটি টেস্টে একটি সেঞ্চুরিসহ ৬০ গড়ে করেছেন ১৮০ রান। বল হাতেও নিয়েছেন ১০টি উইকেট। তাঁর নেতৃত্বেই জিম্বাবুয়ের বিপক্ষে এই অনানুষ্ঠানিক টেস্ট সিরিজটি জিতেছে নিউজিল্যান্ড এ দল।১২ নভেম্বর হায়দরাবাদে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। আগামীকাল বুধবারেই হায়দরাবাদে এসে পৌঁছবেন ফ্রাঙ্কলিন। কাকতালীয়ভাবে ২০০৯ সালের এপ্রিলে ভারতের বিপক্ষেই শেষ টেস্টটি খেলেছিলেন তিনি। ক্রিকইনফো।